প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেছেন যে, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, বর্ডার গার্ড এবং বন বিভাগ একত্রে কাজ করছে। এই উদ্যোগের আওতায় মাছ ধরা জেলে, সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন পেশাজীবী এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, জলদস্যু ও বনদস্যু দমনের লক্ষ্যে র্যাব, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং বন বিভাগের সহযোগিতায় নৌ-পুলিশ ‘রিস্টোর পিস ইন সুন্দরবন’ নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করছে। সুন্দরবন উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত টহল কার্যক্রমকে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, বনদস্যু ও জলদস্যু দমন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সব সময় তৎপর রয়েছে।
তিনি আরও জানান, জলপথে সমন্বিত যৌথ টহল জোরদার করতে বিজিবিকে আধুনিক হাই-স্পিড পেট্রোল বোট, ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট, মেটাল শার্ক বোট এবং রাডার নজরদারি সিস্টেমে সজ্জিত করা হয়েছে।
সুন্দরবনের সংবেদনশীল নদী ও মোহনা দিয়ে যাতে কোনো প্রকার মাদক, অস্ত্র বা বন্যপ্রাণী চোরাচালান হতে না পারে, সেজন্য প্রতিটি সংবেদনশীল পয়েন্টে ২৪ ঘণ্টা বিজিবি কর্তৃক যৌথ ব্লক রেইড ও মোবাইল টহল পরিচালিত হচ্ছে।
মন্ত্রী জানান, বিজিবির সমন্বিত গোয়েন্দা নজরদারির মাধ্যমে সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনের নিরাপত্তা রক্ষা, জলদস্যুতা ও বনদস্যুতা দমন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে সুন্দরবনের দুর্গম নদী ও খালপথে অপরাধ দমন এবং বনজীবী ও জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত টহল, নজরদারি ও অভিযান পরিচালনা করছে।
এ কার্যক্রমের ধারাবাহিকতায় সুন্দরবনকে নিরাপদ, সুরক্ষিত ও দস্যুমুক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড-এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগের সাথে যৌথ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এবং ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ পরিচালনা করা হচ্ছে।
এর মাধ্যমে কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে নিয়মিত টহল, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং প্রয়োজন অনুযায়ী যৌথ অভিযান পরিচালনা করছে। ফলে সংশ্লিষ্ট সকল সংস্থার পারস্পরিক সমন্বয় ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সুন্দরবন ও উপকূলীয় এলাকার নিরাপত্তা আরও সুদৃঢ় এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন