প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত একটি জনপদ, যেখানে শিক্ষার প্রসার, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এক’শ কোটি টাকার ব্যয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। চারদলীয় জোট সরকারের সময় তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন। কিন্তু দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ও রাজনৈতিক অচলাবস্থার কারণে এসব প্রকল্পগুলো কার্যকর হয়নি। কিছু প্রকল্প চালু হলেও জনবলের অভাবে সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। আবার কিছু প্রকল্প সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তারেক রহমানের সরকারের ক্ষমতায় আসার ৯ মাস পরেও এসব প্রকল্পের পুনরায় চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
তথ্য অনুযায়ী, ঝিনাইদহের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় সাবেক সংসদ সদস্য প্রয়াত মসিউর রহমান ট্রমা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। ১৩ বছর ধরে ঝুলে থাকার পর প্রায় ৬ কোটি টাকার ঝিনাইদহ ট্রমা হাসপাতাল প্রকল্পটি বাতিল করা হয়, যা সড়ক দুর্ঘটনায় আহত মানুষের জীবন রক্ষায় অত্যন্ত জরুরি ছিল। ২০০৮ সালে গ্যাস লাইন নির্মাণের পর গ্যাস সরবরাহ শুরু হলেও তা কার্যকর হয়নি। ১৮ বছরেও শিল্প বা আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ সম্ভব হয়নি।
সেই সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঝিনাইদহের খাবার স্যালাইন ফ্যাক্টরি প্রকল্প এবং সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট প্রকল্প বাতিল করা হয়। এছাড়া ঝিনাইদহ ম্যাটস, চক্ষু হাসপাতাল, দেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল, চাকলাপাড়ার আইএইচটি, হরিণাকুন্ডুর বিএসসি নার্সিং ট্রেনিং কেন্দ্র, ঝিনাইদহ নার্সিং ট্রেনিং সেন্টার এবং পরিবার পরিকল্পনা বিভাগের সরকারি প্রতিষ্ঠানগুলো জনবলের অভাবে দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বিশেষ করে ম্যাটসে জনবলের অভাবের কারণে যেকোনো সময় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বেগম খালেদা জিয়া ঝিনাইদহ চক্ষু হাসপাতালকে সরকারি করার ঘোষণা এবং একটি অ্যাম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।
এদিকে শৈলকুপার দুধসর, কাঁচেরকোল, মহেশপুরের ভৈরবা, সদর উপজেলার দক্ষিণ কাষ্টসাগরা এবং কালীগঞ্জ পৌরসভা এলাকায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হলেও বিগত আট বছর ধরে সেগুলো চালু হয়নি। কোটি টাকা খরচে নির্মিত ভবন, দামি আসবাবপত্র ও আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবলের অভাবে সেবা কেন্দ্রগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। একইভাবে জেলা সদরের হাটগোপালপুরে ২৫ শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য জমি অধিগ্রহণ করা হলেও প্রকল্পটি আলোর মুখ দেখেনি।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের ১৫৫ পদের নিয়োগ বছরের পর বছর ঝুলে রয়েছে। বরাদ্দ না পাওয়ার কারণে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে শিক্ষা ক্ষেত্রেও অবহেলার ছোঁয়া লেগেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণকৃত সরকারি কেসি কলেজের ছাত্রবাসটি প্রায় ১৬ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা মারাত্মক আবাসন সংকটে ভুগছেন। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে জেলার গ্রামীণ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যদিও ঝিনাইদহের বিভিন্ন রাস্তাঘাট বৃহত্তর যশোর প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু একনেকে পাস না হওয়ায় কাজ শুরু হচ্ছে না।
ঝিনাইদহের সচেতন নাগরিক সিরাজুল হক মন্তব্য করেছেন, জেলার তিন কৃতি সন্তান আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বর্তমানে সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তাঁদের উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা। বাতিল হওয়া খাবার স্যালাইন ফ্যাক্টরি, ট্রমা হাসপাতাল ও করোনারি কেয়ার প্রকল্পগুলো পুনরায় চালু করার ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খান জানিয়েছেন, এসব দীর্ঘদিনের সমস্যা সমাধানে বর্তমান সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে, প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধনকৃত প্রতিষ্ঠানগুলো যাতে পুনরায় কার্যকর হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন