প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী পর্যায়ে (বিটুবি) বৈঠক আয়োজনের পাশাপাশি বাণিজ্য মেলায় পারস্পরিক অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করেছে ঢাকা ও ইসলামাবাদ। এই উদ্দেশ্যে, দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ককে জোরদার করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কার্যালয়ে সংগঠনটির সভাপতি কামরান টি. রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
পাকিস্তান হাইকমিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়েছে।
বৈঠকে তারা আলোচনা করেন, ওষুধ, তাজা ফলমূল ও শাকসবজি, পাট, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং সিরামিকসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে।
এছাড়া, পাকিস্তানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করে, এ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনাও আলোচনা করা হয়।
বৈঠকে এমসিসিআইয়ের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের বাণিজ্য ও শিল্প চেম্বারের যোগাযোগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উভয় দেশের বাণিজ্য মেলায় ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ সময় পাকিস্তানের হাইকমিশনার আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর করাচিতে অনুষ্ঠিত হতে যাওয়া দেশটির অন্যতম প্রধান খাদ্য ও কৃষিপণ্য প্রদর্শনী ‘ফুডঅ্যাগ ২০২৬’-এ অংশ নিতে এমসিসিআই নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়ে দুই পক্ষের আগ্রহ প্রকাশ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন