প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ায় মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মাইকে ঘোষণা দিয়ে তৃতীয় লিঙ্গের জনগণের বসতিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলার ফলে পল্লীর অন্তত সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামে, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কসংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে এলাকায় একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের জনগণের ওই পল্লীতে মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে বুধবার থেকেই মাইকে ঘোষণা দেয়া হচ্ছিল। বৃহস্পতিবার সকাল থেকে এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ডহরপুর, ডালম্বা ও পাইকপাড়া গ্রামের শত শত মানুষ সেখানে জড়ো হয়ে পল্লীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে শুরু করে।
এ হামলায় পল্লীর অন্তত সাতটি টিনের আধাপাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়িতে থাকা আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, আগের দিন থেকেই হামলা ও অগ্নিসংযোগের হুমকি দেয়া হলেও প্রশাসন থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার বাড়িগুলোতে তৃতীয় লিঙ্গের ২৫ জন সদস্য বসবাস করেন। ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন