প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের তেলেঙ্গানার পাপান্নাপেট গ্রামে ভিন্ন জাতে বিয়ে করার জন্য এক নববধূকে তার স্বামীর বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করার অভিযোগ উঠেছে। এটি ঘটে মাত্র বিয়ের দুই দিন পর। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
পুলিশের মতে, পাপান্নাপেট মণ্ডলের এল্লাপুর গ্রামের বাসিন্দা প্রণয় গত ৬ জুলাই কাউডিপল্লী মণ্ডলের সালাবাতপুর গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। দুজনেই প্রাপ্তবয়স্ক থাকলেও তাদের জাত আলাদা হওয়ায় কনের পরিবার বিয়েতে তীব্র আপত্তি জানিয়ে আসছিল। নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে, বিয়ের পর নবদম্পতি স্থানীয় থানায় যোগাযোগ করেন। তখন পুলিশ উভয় পরিবারকে ডেকে কাউন্সেলিং করে। নববধূ পুলিশের কাছে জবানবন্দি দিয়ে জানান, তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন এবং স্বামীর সাথেই থাকতে চান।
প্রণয়ের মা শ্যামলা জানান, ভিন্ন জাতে বিয়ে করায় কনের আত্মীয়রা তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। বিয়ের দুই দিন পর, বুধবার (৮ জুলাই) কনের পরিবারের কিছু সদস্য চারটি গাড়ি নিয়ে এল্লাপুর গ্রামে প্রণয়দের বাড়ির ওপর চড়াও হন। ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন না। সেই সুযোগে হামলাকারীরা ঘরে ঢুকে পড়ে। প্রণয়ের মা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং উপস্থিত সবাইকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নববধূকে জোরপূর্বক টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনার পুরো দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ওঠে।
ঘটনার পর প্রণয়ের পরিবার পাপান্নাপেট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে তাদের অভিযোগ, ঘটনার পর কিছু সময় পেরিয়ে গেলেও পুলিশ নববধূকে উদ্ধার করতে পারে নি বা অপরাধীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে পারছে না।
পাপান্নাপেট থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং নববধূকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কনেকে উদ্ধারের পর তার জবানবন্দি নেওয়া হবে। তদন্তে যদি প্রমাণিত হয় যে তরুণীকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, তবে অপহরণের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন