প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ২০২১-২০২২ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরীক্ষাগুলো দ্রুততার সাথে সম্পন্ন করার এবং পরীক্ষার পর নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশের দাবি জানিয়ে সাত দফা দাবি উত্থাপন করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সিদরাতুল আজাদ তানহা লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে একটি স্বতন্ত্র, আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে আন্দোলন করে আসছেন। প্রশাসনিক জটিলতা, সেশনজট, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা, শিক্ষক সংকট এবং অ্যাকাডেমিক অনিশ্চয়তার বিরুদ্ধে শিক্ষার্থীরা বারবার রাজপথে নেমেছেন। হাজারো শিক্ষার্থীর সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে।
নতুন ভিসি অধ্যাপক লুৎফর রহমানকে স্বাগত জানিয়ে সিদরাতুল আজাদ তানহা বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন ও অ্যাকাডেমিক সংকট মোকাবিলায় অধ্যাপক লুৎফর রহমান স্যারের অভিজ্ঞতাকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।"
তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া প্রশাসনের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধান ও বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, এখন আমরা একটি স্বতন্ত্র প্রশাসন পেয়েছি। তাই আমাদের প্রত্যাশা-প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং পুরোনো ব্যবস্থাকে কেবল বহাল রাখার পরিবর্তে বিদ্যমান সংকট নিরসনে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালন করবে।"
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের উত্থাপিত সাত দফা দাবিসমূহ হলো :
১. সেশনজট নিরসন : ২০২১-২০২২ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
২. ফি কমানো : সেশন ফি ও পরীক্ষার ফর্ম পূরণের ফি যৌক্তিক পর্যায়ে কমাতে হবে।
৩. পূর্ণাঙ্গ প্রশাসন ও আধুনিক কারিকুলাম : দ্রুততম সময়ে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গঠন করে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে হবে এবং সময়োপযোগী ও আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে।
৪. অ্যাকাডেমিক অবকাঠামোর উন্নয়ন : প্রতিটি ক্যাম্পাসে মানসম্মত শ্রেণিকক্ষ, পাঠদানের পরিবেশ, সমৃদ্ধ গ্রন্থাগার এবং গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।
৫. স্থায়ী প্রশাসনিক ভবন ও টিএসসি : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্থায়ী প্রশাসনিক ভবন এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণ ও নিশ্চিত করতে হবে।
৬. আবাসন সংকট নিরসন : শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রতিটি ক্যাম্পাসে প্রয়োজন অনুযায়ী নতুন আবাসিক হল নির্মাণ করতে হবে।
৭. পরিবহন সংকট নিরসন : শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিটি ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক বিশ্ববিদ্যালয় পরিবহন বরাদ্দ নিশ্চিত করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন