প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী ২ জুলাই থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও আলিম পরীক্ষা। এ অবস্থায় বরিশাল নগরীর পরেশ স্কুল মাঠে চলমান মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে পরীক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, মেলার কারণে সৃষ্ট শব্দদূষণ ও জনসমাগমের প্রভাব পড়তে পারে পার্শ্ববর্তী পরীক্ষা কেন্দ্রগুলোর পরীক্ষার্থী এবং আশপাশের শিক্ষার্থীদের ওপর।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেলা প্রাঙ্গণের পাশেই অবস্থিত বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং আলেকান্দা সরকারি কলেজ-যেখানে এইচএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে। এছাড়া আশপাশে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থাকায় পরীক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, মেলা চলাকালে উচ্চ শব্দে মাইক ব্যবহার, বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে শিক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিঘ্নের মুখে পড়ছে। তাদের আশঙ্কা, পরীক্ষা চলাকালেও একই পরিস্থিতি অব্যাহত থাকলে পরীক্ষার্থীদের মনোযোগ ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।
মেলা-সংলগ্ন এলাকার বাসিন্দাদের দাবি, প্রতিদিন গভীর রাত পর্যন্ত মাইকের উচ্চ শব্দ ও কোলাহল চলায় বাসাবাড়িতে অবস্থানরত পরীক্ষার্থীরাও মানসিক চাপের মধ্যে রয়েছে। তারা দ্রুত পরিস্থিতির সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
এ বিষয়ে এক অভিভাবক শাহিদা আক্তার সাথী বলেন,
"সামনেই শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই সময়ে স্কুল মাঠে মেলা চালু থাকায় সন্তানদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দ্রুত মেলা বন্ধ বা শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া উচিত।"
নাম প্রকাশে অনিচ্ছুক মেলা-সংলগ্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক বলেন,
"পরীক্ষার সময় শান্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে-এটাই আমাদের প্রত্যাশা।"
স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী স্থানে দীর্ঘমেয়াদি মেলা বা উচ্চ শব্দসৃষ্টিকারী অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা ও পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের বক্তব্য জানতে তাঁর হোয়াটসঅ্যাপে লিখিতভাবে যোগাযোগ করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে পরীক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, শিক্ষা বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন