প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার ছয় দিন পর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পরে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত দুই সহোদর, দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার সময় নিহত উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার বড় ভাই জুয়েল মোল্লা (জুয়েল রানা) কালিয়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে, সেইসাথে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
কালিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয় (মামলা নম্বর-১২)। এতে দণ্ডবিধির ৩০২/৩৪/১৪৩/১৪৪/৩৪১/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় নিহত সোহেলের ভাই বাদী হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে কালিয়া শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে মিছিলটি কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের অতর্কিত হামলায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
এ ঘটনার পর ২০ নভেম্বর নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন