প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গাজীপুরের বিভিন্ন সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার কারণে পরিবহণ শ্রমিকদের সঙ্গে যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বাড়তি ভাড়া নিয়ে বিরোধের কারণে অনেক পরিবহণে যাত্রী সংখ্যা কমে যাওয়ার খবর পাওয়া গেছে।
যাত্রীরা জানান, বিভিন্ন রুটে নতুন করে ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত পূর্বে ভাড়া ছিল ৪০ টাকা, কিন্তু সোমবার থেকে ওই রুটে ৫০ টাকা নেওয়া হচ্ছে। শুধু নির্দিষ্ট রুটেই নয়, পথে বিভিন্ন স্থান থেকে যাত্রী ওঠানামার ক্ষেত্রেও অতিরিক্ত ১০ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
ফজলুল হক নামে এক যাত্রী মন্তব্য করেন, "তেলের দাম বেড়েছে, ভাড়াও বাড়বে—এটা স্বাভাবিক। কিন্তু চালকরা সকাল থেকেই অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। চন্দ্রা থেকে চৌরাস্তার ভাড়া আগে ৪০ টাকা ছিল, এখন ৫০ টাকা নেওয়া হচ্ছে। প্রতি লিটার তেলের দাম ২০ টাকা বেড়েছে, ফলে যাত্রীপ্রতি ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এটা অনেক বেশি।"
এদিকে পরিবহণ সংশ্লিষ্টরা জানাচ্ছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি সত্ত্বেও পরিবহণ মালিকদের সংগঠনের পক্ষ থেকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়নি। ফলে বাড়তি ভাড়া আদায়ের কারণে চালক ও সহকারীদের সঙ্গে যাত্রীদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে সড়কে গণপরিবহণের সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।
তাকওয়া পরিবহণের চালক মো. আওলাদ হোসেন বলেন, "তেলের দাম বেড়েছে, আমাদের খরচও বেড়েছে; কিন্তু বিষয়টি যাত্রীরা বুঝতে চাইছেন না। অতিরিক্ত ভাড়া চাইলে যাত্রীরা ঝামেলা করছেন। এ কারণে সড়কে গাড়িও কম চলছে। নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত গাড়ি চালানো কঠিন।"
কোনাবাড়ী জেলখানা রোড এলাকার আব্দুল আলীম ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম যুগান্তরকে জানান, জ্বালানি তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর রোববার রাতে অকটেনের চাহিদা বেড়ে যায়। তবে সোমবার ডিজেল ও পেট্রোলের বিক্রি অনেকটাই কমে গেছে। পাম্পে এসব জ্বালানি নিতে যানবাহনের উপস্থিতিও কম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন