প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছরের জন্য নতুন কোনো বাণিজ্যিক বিমানবন্দর চালু করা সম্ভব হবে না। তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে যে চুক্তি হয়েছে, সে বিষয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সরকার এ শর্ত নিয়ে উদ্বিগ্ন নয়। তবে, এক এভিয়েশন বিশেষজ্ঞ এই শর্তকে অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নাকগলানো হিসেবে দেখছেন।
বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি রানওয়ে ও অতিরিক্ত ফ্লাইট ও যাত্রী চাপের কারণে তীব্র সংকটের মধ্যে রয়েছে। এই অবস্থায় অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য প্রস্তুতি চলছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনা সংক্রান্ত খসড়া চুক্তির শর্তে বাংলাদেশ সম্মত হয়েছে।
এ চুক্তির একটি শর্ত হলো- এ বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর নতুন কোনো বাণিজ্যিক বিমানবন্দর চালু করা যাবে না। তবে, নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ, নির্মাণকাজ পরিচালনা কিংবা সামরিক স্থাপনা উন্নয়নে কোনো বাধা থাকবে না।
এ বিষয়ে বিমানমন্ত্রী মন্তব্য করেছেন, জাপানের শর্ত নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। তিনি বলেন, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই এবং নতুন বিমানবন্দর তৈরি করতে ১৫ বছর সময় লাগবে।
এদিকে, এ চুক্তিকে নিজেদের বিষয়ে জাপানের নাকগলানো হিসেবে অভিহিত করেছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। তিনি বলেন, চুক্তি নিয়ে শুরু থেকেই বাংলাদেশের আরও সতর্ক হওয়া উচিত ছিল।
কাজী ওয়াহিদুল আলম আরও বলেন, "থার্ড পার্টি যদি বলে দেয় যে তুমি এটা করবে, আবার এটা করতে পারবে না, তাহলে আমি মনে করি, আমাদের ওপর নাকগলানো হয়। আমরা যদি আমাদের চাহিদাটা প্রথমে জানিয়ে দিতাম, তাহলে এই সুযোগটা আসত না। আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি তাদের জন্য।"
জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনাল চালুর চুক্তিটি চলতি মাসের মধ্যে চূড়ান্ত করে স্বাক্ষরের চেষ্টা চলছে এবং ডিসেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা সরকারের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন