প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন জানিয়েছেন, বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি যদি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি ময়মনসিংহ সেক্টরের সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা জোরদারে নেওয়া পদক্ষেপ, অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম তুলে ধরেন।
কর্নেল নাসির উদ্দিন বলেন, "বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়ন দিনরাত দায়িত্ব পালন করছে। অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবির এই কমান্ডার সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও জানান। তিনি বলেন, "বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে।" তিনি জানান, নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ এটিভি যান ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বিওপির নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা নিয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। তবে গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। তিনি জানান, এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা তাদের নজরে আসেনি।
তিনি আরও বলেন, "কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না।" প্রাপ্ত প্রতিটি তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর মাঠপর্যায়ে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুশইন ও মানব পাচার প্রতিরোধে বিজিবির সাফল্যের তথ্য তুলে ধরে কর্নেল নাসির উদ্দিন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে।
সবশেষে তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। দেশের সীমান্ত রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন