প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইন্টারনেটে অচেনা কোনো ছবি দেখা হলে, কিন্তু ছবির উৎস, ছবিতে থাকা ব্যক্তি, স্থান বা পণ্যের পরিচয় জানা না থাকলে, ব্যবহারকারীরা ছবি ব্যবহার করে এসব তথ্য খুঁজে বের করতে পারেন। গুগলের বিশেষ সুবিধা ‘গুগল লেন্স’ এর মাধ্যমে এটি সম্ভব। ব্যবহারকারীরা ছবি আপলোড করে অথবা সরাসরি ক্যামেরা ব্যবহার করে দ্রুত সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান করতে সক্ষম হন।
গুগল লেন্স সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট বা অন্য কোনো অনলাইন মাধ্যমে পাওয়া ছবির পরিচয় জানার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এখানে সাধারণ সার্চের মতো কোনো শব্দ লিখতে হয় না, বরং ছবিটি নিজেই তথ্য খোঁজার মাধ্যম হয়ে ওঠে।
গুগল লেন্স কী এবং কীভাবে কাজ করে
গুগল লেন্স গুগলের একটি ভিজ্যুয়াল সার্চ প্রযুক্তি। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ছবি বা ক্যামেরায় ধারণ করা দৃশ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট তথ্য খুঁজে পান।
যখন ব্যবহারকারী কোনো ছবি আপলোড করেন, গুগল লেন্স সেটির বিভিন্ন দৃশ্যমান বৈশিষ্ট্য বিশ্লেষণ করে। এরপর এটি ইন্টারনেটে থাকা একই বা কাছাকাছি ছবির পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও তথ্য প্রদর্শন করে।
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ছবির সম্ভাব্য উৎস, পণ্যের নাম, পরিচিত স্থাপনা, উদ্ভিদ বা বিভিন্ন বস্তুর পরিচয় জানতে পারেন। ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করেও আলাদাভাবে অনুসন্ধান করা সম্ভব।
তবে, যদি কোনো ছবি ব্যক্তিগত অ্যাকাউন্টে সীমাবদ্ধ থাকে বা ইন্টারনেটে প্রকাশিত না হয়, তাহলে তার মূল উৎস খুঁজে পাওয়া নাও যেতে পারে।
মোবাইলে যেভাবে ছবি দিয়ে তথ্য খুঁজবেন
অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই ধরনের স্মার্টফোনে গুগল অ্যাপের মাধ্যমে গুগল লেন্স ব্যবহার করা যায়। এ জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে।
১. প্রথমে স্মার্টফোনে গুগল অ্যাপ খুলুন।
২. সার্চ বক্সে থাকা গুগল লেন্সের আইকনে ট্যাপ করুন।
৩. ফোনের গ্যালারি থেকে যে ছবিটি সম্পর্কে জানতে চান, সেটি নির্বাচন করুন।
৪. চাইলে ক্যামেরা চালু করে সরাসরি কোনো বস্তু বা স্থাপনার ছবি তুলেও অনুসন্ধান করতে পারবেন।
৫. ছবি নির্বাচনের পর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অংশ ক্রপ করে নিন।
৬. এরপর গুগল লেন্স ছবিটি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ছবি, ওয়েবসাইট ও তথ্য দেখাবে।
ছবির পুরো অংশ অনুসন্ধান না করে নির্দিষ্ট কোনো বস্তু নির্বাচন করলে আরও প্রাসঙ্গিক ফলাফল পাওয়া সহজ হয়।
ওয়েবসাইটে থাকা ছবি দিয়ে সার্চ করবেন যেভাবে
ইন্টারনেটে কোনো ওয়েবপেজে থাকা ছবি সম্পর্কে জানতে চাইলে গুগল লেন্স ব্যবহার করা যেতে পারে। গুগল অ্যাপে সংশ্লিষ্ট ওয়েবপেজ খোলার পর নিচের তিন ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ অপশন নির্বাচন করে ছবির নির্দিষ্ট অংশে ট্যাপ করলেই অনুসন্ধান শুরু হবে।
কম্পিউটারে যেভাবে গুগল লেন্স ব্যবহার করবেন
কম্পিউটার থেকেও খুব সহজে ছবি দিয়ে তথ্য খুঁজে পাওয়া যায়। প্রথমে ব্রাউজার থেকে গুগল ডটকমে প্রবেশ করতে হবে।
এরপর সার্চ বক্সে থাকা গুগল লেন্স আইকনে ক্লিক করে কম্পিউটার থেকে কাঙ্ক্ষিত ছবি আপলোড করতে হবে। চাইলে ছবিটি নির্ধারিত জায়গায় টেনে এনে ছেড়ে দিলেও অনুসন্ধান শুরু হবে।
এ ছাড়া গুগল ইমেজে কোনো ছবি খোলার পর পাশে থাকা লেন্স আইকনে ক্লিক করেও একই ধরনের ছবি ও সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায়।
গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজে থাকা কোনো ছবি অনুসন্ধান করতে চাইলে ব্রাউজারের গুগল লেন্স সুবিধা ব্যবহার করে ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধানের ফলাফল দেখা যাবে।
ছবির মাধ্যমে কী কী তথ্য পাওয়া সম্ভব?
গুগল লেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য খুঁজে পাওয়া যায়। যেমন—
কোনো অচেনা পণ্য বা বস্তুর নাম ও পরিচয়।
পরিচিত স্থাপনা, পর্যটনকেন্দ্র ও দর্শনীয় স্থানের তথ্য।
ইন্টারনেটে একই ছবি কোথায় কোথায় প্রকাশিত হয়েছে।
ছবিতে থাকা বিভিন্ন জিনিসের ব্যবহার ও বৈশিষ্ট্য।
কোনো ছবির সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইট ও প্রাসঙ্গিক তথ্য।
তবে গুগল লেন্সের দেওয়া তথ্য সব সময় নির্ভুল নাও হতে পারে। বিশেষ করে কোনো ব্যক্তির পরিচয় বা ছবির মূল উৎস নিশ্চিত করতে একাধিক নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন