প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ষড়যন্ত্র নিয়ে একটি বই প্রকাশের পরিকল্পনা করছেন তার ছেলে ইয়াইর নেতানিয়াহু। ডানপন্থি সক্রিয়তাবাদী ইয়াইরের মন্তব্য, ইসরাইলের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
বইটির শিরোনাম হচ্ছে ‘টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরাইলস ফাইট ফর সারভাইভাল-অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডমেস্টিক স্যাবোটার্স’, যা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার প্রকাশ ও বিতরণ করবে।
প্রকাশকের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, বইটিতে ‘পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করা এবং মুক্ত সভ্যতার ভিত্তি দুর্বল করার একটি পরিকল্পনা’ তুলে ধরা হবে।
বইটির প্রচারণামূলক বিবরণে বলা হয়েছে, ‘ইয়াইর নেতানিয়াহু সব সময়ই একজন গর্বিত ইহুদি ও নিবেদিতপ্রাণ জায়নবাদী। কিন্তু যখন ইসরাইলের রাষ্ট্র পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো তার বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তৎপর হয়, তখন তিনি এমন এক জটিল ব্যবস্থার মুখোমুখি হন, যা খুব কম নাগরিকই দেখতে পান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দেশটির কৌঁসুলি, বিচারক, গোয়েন্দা আমলাতন্ত্র, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম নেটওয়ার্ক এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা।’
বইটিকে ‘ম্যাট্রিক্সের ভেতর থেকে পাওয়া প্রতিবেদন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ‘ম্যাট্রিক্স’ শব্দটি নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট জনপ্রিয় করেছেন। ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসীরা সাধারণত মূলধারার সমাজকে নিয়ন্ত্রণকারী এক ধরনের মায়াময় ব্যবস্থাকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করেন।
গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে, বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন অর্জন করেছে। তবে ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৬১টি আসন থেকে তারা পিছিয়ে রয়েছে। তবে এই ব্লক এখনও পার্লামেন্টে সবচেয়ে বড় জোট হিসেবে রয়েছে।
অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। আর আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন অর্জন করেছে। ফলে সরকার গঠনের জোট আলোচনায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ইয়াইর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উগ্র ডানপন্থি ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে আসছেন। নির্বাচনের পর থেকে তিনি অভিযোগ করছেন, তার বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করতে আরব দেশগুলোর অর্থসহ বিভিন্ন শক্তি কাজ করছে।
মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি আবারও দাবি করেন, ‘শত্রু রাষ্ট্রগুলো আরব ভোটারদের ঘুস দিয়ে নির্বাচন চুরি করেছে।’
নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার পেছনেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন ইয়াইর। ঘুস গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২০ সাল থেকে তিনটি দুর্নীতির মামলায় বিচার চলছে ইসরাইলের প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কারণে তিনি আদালতে অনেক শুনানিতে উপস্থিত হননি।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, ইয়াইরের নতুন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান র্যাটপ্যাক প্রেস। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার ও মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র্যাটনার। প্যাকার নেতানিয়াহু পরিবারের বন্ধু এবং প্রধানমন্ত্রীর দুর্নীতির মামলার একজন সাক্ষী। অন্যদিকে, যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর র্যাটনার ইসরাইলে চলে যান।
নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, কয়েক বছর ধরে প্যাকারের কাছ থেকে দামি সিগার ও শ্যাম্পেন উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। প্যাকারের মালিকানাধীন তেল আবিবের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও মাঝে মাঝে ব্যবহার করতেন ইয়াইর নেতানিয়াহু। সূত্র: মিডল ইস্ট আই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন