প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চীনা বিজ্ঞানীরা সমুদ্রের ১০ মিটার বা প্রায় ৩৩ ফুট গভীরতায় সৌরবিদ্যুৎ উৎপাদনে সফলতা অর্জন করেছেন। গবেষকদের মতে, পানির নিচে সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটি একটি নতুন সম্ভাবনার সূচনা করেছে।
দক্ষিণ চীন সাগরে ইউনান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষকদল পেরোভস্কাইটভিত্তিক সোলার প্যানেল ব্যবহার করে এই পরীক্ষা সম্পন্ন করে। রোবটের সাহায্যে ১১৫ বর্গ সেন্টিমিটার আয়তনের প্যানেলটি সমুদ্রের দুই, ছয় ও ১০ মিটার গভীরে পরীক্ষা করা হয়।
গবেষণায় দেখা যায়, দুই মিটার গভীরতায় প্যানেলটি ১ হাজার ৪১৬ মিলিওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করে। ছয় মিটার গভীরতায় উৎপাদন হয় ৭৫২ মিলিওয়াট-ঘণ্টা এবং ১০ মিটার গভীরতায় ৩২৪ মিলিওয়াট-ঘণ্টা। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ করার পাশাপাশি এলইডি লাইটও জ্বালানো হয়।
গবেষকরা জানান, পানির গভীরতা বাড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যের লাল আলোর একটি বড় অংশ শোষিত হয়ে যায়। ফলে ৫ থেকে ১০ মিটার গভীরতায় মূলত নীল ও সবুজ আলোর তরঙ্গদৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি পৌঁছায়। এই বিষয়টি মাথায় রেখে নতুন সোলার প্যানেলগুলো ৪০০ থেকে ৬০০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো কাজে লাগানোর উপযোগী করে তৈরি করা হয়েছে।
প্যানেল তৈরিতে সীসা-হ্যালাইড পেরোভস্কাইট নামের একটি বিশেষ অর্ধপরিবাহী উপাদান ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে পলিহেক্সামেথিলিন গুয়ানিডিন হাইড্রোক্লোরাইড নামের একটি পলিমার যুক্ত করা হয়েছে। গবেষকদের দাবি, এতে সোলার প্যানেলের ইলেকট্রন ধরে রাখার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
গবেষক ওয়েন-হুয়া ঝাং বলেন, "পানির নিচে সৌরবিদ্যুৎ নিয়ে আগের বেশিরভাগ গবেষণা দুই মিটার বা তার কম গভীরতায় সীমাবদ্ধ ছিল। এবার প্রায় ১০ মিটার গভীরতায় প্রযুক্তিটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।"
১১ সেপ্টেম্বর বিজ্ঞান সাময়িকী ‘জুল’-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, নতুন প্যানেলগুলো প্রায় সাড়ে পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে।
গবেষকদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে সমুদ্রের নিচে স্থির সেন্সর, শনাক্তকারী যন্ত্র ও অন্যান্য স্বয়ংক্রিয় ডিভাইসে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহে কাজে লাগতে পারে। পাশাপাশি সামুদ্রিক পর্যবেক্ষণ, যোগাযোগব্যবস্থা ও বৈজ্ঞানিক অনুসন্ধানে স্বয়ংসম্পূর্ণ পানির নিচের শক্তিব্যবস্থা তৈরির সম্ভাবনাও তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন