প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবনে মারহুমের জানাজা অনুষ্ঠিত হয়। দক্ষিণ প্লাজার পরিবর্তে বৈরী আবহাওয়ার কারণে জানাজাটি জাতীয় সংসদের মূল ভবনের প্রবেশ টানেলে সম্পন্ন হয়।
জানাজা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন।
পরবর্তীতে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও পুষ্পস্তবক অর্পণ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়া, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য হুইপগণ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। পরে অধিবেশনে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, রোববার ভোরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন