প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, এমন তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সিইসি নির্বাচনের সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা নিশ্চয়তা দিচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনের ক্ষেত্রেও আপনারা প্রশংসা করবেন ইনশাআল্লাহ। এ জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সব ধরনের ব্যবস্থা নেব।"
কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের পরিকল্পনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য নির্বাচনের সময় মাঠের সার্বিক ও চলমান অবস্থা কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে, যাতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়।
তিনি সেখানে নির্বাচনি মাঠের বর্তমান পরিবেশ অত্যন্ত ভালো বলে জানান।
এদিকে, উপনির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ দুপুরে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, "নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।"
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ (রোববার)। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সময় পাবেন। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এই উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম আজ ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রেখেছে ইসি। ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন