প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এশিয়ান গেমসের সেমিফাইনালে ৬ উইকেটে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে বাংলাদেশের সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। পাকিস্তান ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়লাভ করে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। পরে দুই দলের ইনিংস ১৩ ওভারে সীমাবদ্ধ করা হয়।
বাংলাদেশের ব্যাটিং শুরু থেকেই চাপের মধ্যে ছিল। দলীয় ১৭ রানে তানজিদ হাসান ৭ রান করে আরাফাত মিনহাসের বলে শাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর অধিনায়ক লিটন দাসও ২ রান করে সাইম আইয়ুবের বলে বোল্ড হন।
আরাফাত মিনহাসের বলে ১ রান করে আউট হন পারভেজ হোসেন ইমন। এরপর সাইফ হাসান ১৯ রান করে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হন, ফলে ৫০ রানের আগেই বাংলাদেশ চার উইকেট হারায়।
পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তাদের জুটিতে বড় সংগ্রহের আশা দেখা দেয়। তবে ২৫ বলে ৪২ রান করে হৃদয় ফিরে গেলে জুটি ভেঙে যায়। পরে ১১ রান করা মোসাদ্দেককেও ফেরান মুকিম। ফলে ৯৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে শেখ মেহেদী ও রিশাদ হোসেনের ব্যাটে ১১১ রান পর্যন্ত পৌঁছায় দল। ইনিংসের শেষ বলে রানআউট হন শেখ মেহেদী।
লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে শুরুতেই চাপে ফেলে বাংলাদেশ। প্রথম ওভারে মেহেদীর বলে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ১ রান করে ফিরে যান শাহিবজাদা ফারহান। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের বলে ১৫ রান করে আউট হন মাজ সাদাকাত।
চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ১২ বলে ২১ রান করে সাইম আইয়ুবও ক্যাচ দেন। এরপর সপ্তম ওভারে ১৪ রান করে আউট হন উসমান খান। ফলে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ম্যাচে ভালো অবস্থানে ছিল।
তবে দশম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। মুস্তাফিজের এক ওভারে পাঁচটি বাউন্ডারিতে ২৩ রান তুলে নেয় পাকিস্তান। দুই ওভারে ৪১ রান দিয়ে চাপের মধ্যে পড়ে যান এই বাঁহাতি পেসার।
শেষ পর্যন্ত আব্দুল সামাদের ১৫ বলে অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংসে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এ হারের মধ্য দিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল থেকেই বাংলাদেশের বিদায় হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন