প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বৈরী আবহাওয়ার কারণে উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলীয় বিভিন্ন স্থানে কয়েকশ ফিশিংবোট নিরাপদ আশ্রয় নিয়েছে। অনেক বোট উপকূলের দিকে ফিরতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে ৩ নম্বর সতর্কসংকেত জারি করেছে।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা ও পাথরঘাটা সহ উপকূলীয় এলাকায় এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে কয়েকশ ফিশিংবোট আশ্রয় নিয়েছে। কিছু বোট এখনও উপকূলে ফিরছে।
শরণখোলার রাজৈর মৎস্যঘাটের আড়তদার কবীর হোসেন জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে ফিশিংবোটগুলো সাগরে যেতে পারছে না এবং গত দুই দিন ধরে রায়েন্দা মৎস্যঘাটে নোঙর করে আছে।
সাগরসংলগ্ন দুবলার মেহেরআলী লাইট হাউসের কর্মী সবুজ হাওলাদার জানিয়েছেন, সাগর খুবই উত্তাল রয়েছে। ঝড়ো বাতাসের সঙ্গে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মাছ ধরতে না পেরে ফিশিংবোটগুলো উপকূলে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। কিছু বোট সুন্দরবনের মেহেরআলী খালেও আশ্রয় নিয়েছে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটগুলো উপকূলের দিকে ফিরে আসছে।
দুবলা জেলেপল্লির বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিলটন রায় জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে বর্তমানে সাগরে কোনো ফিশিংবোট নেই। দুবলারচর এলাকায় প্রবল ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন