প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আবাসিক হলে মাদক (গাঁজা) সংরক্ষণ ও সেবনের দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৮ শিক্ষার্থীকে দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিজ নিজ আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৩০৬তম জরুরি সভায় এই সিদ্ধান্তের পাশাপাশি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ হলের ৫২৯ নম্বর কক্ষে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে হলের সহকারী প্রভোস্টগণ অভিযান পরিচালনা করেন। অভিযানে কক্ষে ৮ শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাছাড়া, কক্ষ তল্লাশি করার সময় গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের ২ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের পানিসম্পদ কৌশল বিভাগের ৪ জন, একই বর্ষের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ৪ জন শহীদ আবু সাঈদ হলের, ২ জন মুক্তিযোদ্ধা হলের, ১ জন ড. কুদরাত-ই-খুদা হলের এবং ১ জন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী। ঘটনার বিষয়ে অভিযুক্ত সকলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারণ দর্শানোর বিজ্ঞপ্তির স্বহস্তে লিখিত জবাব এই ৮ শিক্ষার্থীকে আগামী রোববার (২৬ জুলাই) সকাল ১১টার মধ্যে ছাত্রকল্যাণ দফতরে সশরীরে হাজির হয়ে দাখিল করতে হবে। যদি কোনো শিক্ষার্থী চায়, তবে সে সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে স্বপক্ষে ব্যক্তিগত শুনানি দিতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘দোষীদের শাস্তি দেয়া হয়েছে। এছাড়াও নির্দিষ্ট দিনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। পরবর্তীকালে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘চুয়েট প্রশাসন মাদক ও এ সংশ্লিষ্ট ব্যাপারে সর্বদা কঠোর অবস্থানে থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন