প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লক্ষ্মীপুরের রামগতিতে আবদুল আওয়াল নামে এক শিক্ষকের বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়ালের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয় প্রায় ২০ জন ব্যক্তি আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন- রায়হান, সোহরাব, বাচ্চু, শরীফ, ইসমাইল, নিরব, লিটন হোসেন সর্দার, নুর আলম, আবুল খায়ের আরিফ, মেহেরাজ, জয়দেব ও তুহিনসহ মোট ২০ জন।
স্থানীয়রা তাদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার খবর পেয়ে ওই এলাকার নারী-পুরুষ হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে। এ সময় প্রায় ২০ জন আহত হন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বাড়ির তিনদিক থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ঘরে প্রবেশ করে। এতে ওই বাড়ির ৩টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা ১০০ বস্তা সয়াবিন, ১২০ বস্তা ধান, ৭ ভরি স্বর্ণালংকার, প্রয়োজনীয় আসবাবপত্র এবং নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। তাদের দাবি, এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আরও বলেন, পূর্ব শত্রুতার কারণে কেউ তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে বলে তাদের সন্দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্ছু এবং প্যানেল চেয়ারম্যান মো. নাছির উদ্দীন।
রামগতি ফায়ার সার্ভিস ফায়ার ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মঞ্জু বলেন, ওই এলাকা দুর্গম চরাঞ্চল ছিল এবং উপজেলা সদর থেকে অনেক দূরে অবস্থিত। ফায়ার সার্ভিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, পরে বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে, স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়েছে।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন