প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যমুনা নদীর ভাঙনের কারণে বিদ্যালয়টিকে গত ১০ বছরে ছয়বার স্থান পরিবর্তন করতে বাধ্য হতে হয়েছে। সর্বশেষ নদীভাঙনের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁধের ওপর আশ্রয় নিতে হয়েছে। তবে এবার সেই অস্থায়ী বিদ্যালয়ের টিনের ছাউনির প্রায় অর্ধেক অংশ ঝড়ে উড়ে গেছে। এর ফলে দুর্গম চরাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়েছে। স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ মে যমুনা নদীর ভাঙনে বিদ্যালয়টি আবারও ক্ষতিগ্রস্ত হয়। এরপর হাটশেরপুর বাঁধের ওপর টিনের অস্থায়ী ছাউনি তৈরি করে সেখানে পাঠদান শুরু করা হয়। কিন্তু গতকাল রাত ১২টার পর হঠাৎ ঝড় শুরু হলে বিদ্যালয়ের ছাউনির প্রায় অর্ধেক উড়ে গিয়ে পাশের জমিতে পড়ে যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর কবির বলেন, "সকালে স্কুলে এসে দেখি টিনের ছাউনির প্রায় অর্ধেক অংশ নেই। আজ ৬৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। অবশিষ্ট ছাউনির নিচে কোনোমতে তাদের বসানোর ব্যবস্থা করেছি। তারপরও অনেক শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে রোদের মধ্যে বসে ক্লাস করতে হচ্ছে। এতে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।"
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত মোট ছয়বার যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে বিদ্যালয়টি। ভাঙনের কারণে তিনটি গ্রামের বিভিন্ন স্থানে ছয়বার স্থান পরিবর্তন করতে হয়েছে। সর্বশেষ চলতি বছরের মে মাসে বিদ্যালয়টি হাটশেরপুর বাঁধের ওপর আশ্রয় নেয়।
সরু বাঁধের এক পাশে টিনের ছাউনি দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। ছাউনিটি মাটি থেকে মাত্র তিন-চার ফুট উঁচুতে হওয়ায় গরমের সময় শিক্ষার্থীদের প্রচণ্ড কষ্ট হয়। বিদ্যালয়ে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা শিক্ষকদের বসার উপযুক্ত স্থান নেই।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাহ আলম জানান, বৃষ্টি, ঝড় কিংবা বজ্রপাত শুরু হলে শিক্ষার্থী ও শিক্ষকদের পাশের বাড়িগুলোতে আশ্রয় নিতে হয়। বিদ্যালয়ে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
অভিভাবক সাখাওয়াত সোহেল জানান, "গত চার মাসে যমুনা নদীর ভাঙন আবারও বিদ্যালয়ের ১০ মিটারের মধ্যে চলে এসেছে। যেকোনো সময় অস্থায়ী ছাউনিসহ বিদ্যালয়ের অবশিষ্ট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।"
সহকারী শিক্ষক আলমগীর কবির আরও জানান, বিদ্যালয়ে শিক্ষক পদ রয়েছে সাতটি। বর্তমানে কর্মরত আছেন পাঁচজন। তাঁদের মধ্যে দুজন নারী শিক্ষক। দীর্ঘ ১০ মাস পিটিআই প্রশিক্ষণে থাকার পর সম্প্রতি তাঁরা বিদ্যালয়ে ফিরেছেন। কিন্তু তাঁদের জন্যও নেই কোনো শৌচাগারের ব্যবস্থা। জরুরি প্রয়োজনে আশপাশের মানুষের বাড়িতে যেতে হয়।
এছাড়া বাঁধের ওপর বিদ্যালয় হওয়ায় সারাক্ষণ মানুষ, গরু-ছাগল ও ঘোড়ার গাড়ি চলাচল করে। এতে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে একসময় প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করত। নদীভাঙনে ছয়বার স্থানান্তরের পর বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৭৩ জনে।
নতুন জায়গা নির্ধারণ হলেও বিদ্যালয়টি বাঁধের ওপর স্থানান্তরের পর যমুনার পূর্ব পাশে নতুন জেগে ওঠা একটি চরে স্থায়ীভাবে স্থানান্তরের জন্য জায়গা নির্ধারণ করে উপজেলা প্রশাসন। গত জুলাই মাসে দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছিলেন সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহতাবুর রহমান।
তবে নতুন জায়গায় বিদ্যালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ শিক্ষকদের। নতুন জায়গায় মাটি ভরাটের দায়িত্ব উপজেলা প্রকল্প কর্মকর্তার ওপর দেওয়া হলেও কাজ শুরু হয়নি।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা প্রকল্প কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, "নতুন জায়গায় মাটি কাটার জন্য আলাদা কোনো বরাদ্দ ছিল না। সম্প্রতি নিয়মিত কাবিখা ও টিআর বরাদ্দ পাওয়া গেছে। সেখান থেকে তালিকাভুক্ত করে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে মাটি কাটার কাজ শুরু করা হবে।" স্থানান্তরে বিলম্বের বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, "মাটি কাটার জন্য আগে কোনো বরাদ্দ ছিল না। সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটি বরাদ্দ পেয়েছেন। খুব দ্রুত বিদ্যালয়টি নতুন জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করা হবে।"
দীর্ঘদিন ধরে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকা ঐতিহ্যবাহী চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির স্থায়ী অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত স্থানান্তর ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে দুর্গম চরাঞ্চলের শিশুদের শিক্ষাজীবন আরও অনিশ্চয়তার মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন