প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দেওয়া সত্ত্বেও সরকার এখনও তা বাস্তবায়ন করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি অভিযোগ করেন, সংস্কার বাস্তবায়ন না করে বর্তমান বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি ও বেইমানি করছে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিন উপলক্ষে দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত 'জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ'-এ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে 'জুলাই পদযাত্রা' শুরু হয়।
বিদ্যুৎ খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, 'এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুতের সমস্যার সমাধান করবে; কিন্তু এই বাজেটে আমরা তার প্রতিফলন দেখতে পাইনি।'
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক এসে সারাদেশে ছড়িয়ে পড়ছে। তাই মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন।'
মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, 'যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। সারাদেশে বিভিন্ন জায়গায় মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চলছে। তাই সরকারকে বলতে চাই, মাদক ও চাঁদাবাজির সাম্রাজ্য অচিরেই নির্মূল করতে হবে।'
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, 'আমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মতপার্থক্য থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের বিপক্ষে না যাব। বিএনপি যদি একটি ভালো কাজ করে, তবে আমাদেরও তাদের প্রশংসা করার মানসিকতা থাকতে হবে। আবার যদি কোনো রাজনৈতিক দল এমন কাজ করে যা জনগণ বা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, তবে তার যৌক্তিক সমালোচনা করার সাহস আমাদের অবশ্যই থাকতে হবে।'
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এনসিপির সভাপতি এম এম সোয়েব, জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দসহ এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন