প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেনীতে যৌতুকের দাবির কারণে গৃহবধূকে নির্যাতন এবং বুকে ও স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. পারভেজ (২৮) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত পারভেজ ফেনী শহরের বিরিঞ্চি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
এসআরবি জানায়, ২৯ আগস্ট ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। মামলার অভিযোগ অনুসারে, যৌতুকের দাবিতে স্বামী পারভেজ ওই গৃহবধূর ওপর নৃশংস নির্যাতন চালায়।
একপর্যায়ে তার বুকে ও স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর থেকে পারভেজ আত্মগোপনে ছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ এর একটি দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সেখানকার শেভরণ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই মামলার এজাহার অনুযায়ী, ১৩ বছর আগে মো. পারভেজের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে, বয়স ১২ ও ৪ বছর। তারা আগে ঢাকায় বসবাস করতেন। পরবর্তীতে পারভেজ নেশাগ্রস্ত হয়ে পড়লে তার স্ত্রী ফেনীতে চলে যান।
শহরের একাডেমি এলাকায় থেকে তিনি মানুষের বাসাবাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। সবশেষ ২৯ আগস্ট পারভেজ আকস্মিকভাবে তার স্ত্রীর বাসায় গিয়ে তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তার বুকে ও স্পর্শকাতর অঙ্গে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি নেশাগ্রস্ত ছিলেন এবং তার স্ত্রীকে নির্যাতন করেছেন। এ ঘটনায় আকলিমা ও পারুল নামে আরও দুইজন আসামি রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন