প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মন্তব্য করেছেন যে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে।
তিনি উল্লেখ করেন, যদি পোশাকশিল্প ধ্বংসের পথে চলে যায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরা। পোশাক খাতের শ্রমিকদের মজুরি রাতারাতি বৃদ্ধি করা সম্ভব নয়।
এক্ষেত্রে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে একত্রিত হয়ে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। তিনি বলেন, এই খাতের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে।
আজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক একটি ছায়া-সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা, দুর্নীতি ও অনিয়ম দূর করা, ব্যবসার খরচ নিয়ন্ত্রণ করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। তিনি সতর্ক করেন যে, দেশে একটি টেকসই শাসনব্যবস্থা গড়ে না তুললে সম্ভাবনাগুলো কাজে লাগানো সম্ভব হবে না। এর জন্য প্রয়োজন চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা।
তিনি বলেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা এবং ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলতে থাকে। তবে স্বচ্ছতা, জবাবদিহি এবং আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্র তত্ত্বের গ্রহণযোগ্যতা কমে যায়। এসব পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হবে।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ শুধুমাত্র অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে যে অভ্যাস তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির দিকে অতীতে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি।
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে বাংলাদেশ স্বস্তি পেয়েছে। তবে এই বর্ধিত সময় আত্মতুষ্টিতে না ভুগে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতার কারণে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ব্যবসায়ীরা এখনো যথাযথ প্রস্তুতি নিতে পারেননি। উত্তরণের পর তৈরি পোশাক খাতের বড় কারখানাগুলো তেমন সমস্যায় না পড়লেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া-সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান এবং সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন