প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্পে যশোরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে অবিলম্বে বেনাপোল/দর্শনা-যশোর-ঢাকা রুটে একটি প্রভাতি আন্তঃনগর ট্রেনসহ মোট তিনটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়ে আগামী ৬ জুলাই সোমবার যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে 'বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি'।
এই ঘোষণা শনিবার (৪ জুলাই) দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনের নেতারা জানিয়েছেন, প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা-যশোর পদ্মা সেতু রেলপথে বর্তমানে দিনে মাত্র একটি ট্রেন চলাচল করছে। এটি এই অঞ্চলের মানুষের চাহিদার তুলনায় সম্পূর্ণ অপ্রতুল। এর ফলে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ প্রকল্পের পূর্ণ সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, প্রকল্পের নাম ঢাকা-যশোর হলেও অতীতে মূল যশোর শহরকে রেল সুবিধার বাইরে রেখে পদ্মবিলা স্টেশনকেন্দ্রিক পরিকল্পনা করা হয়েছিল। যদিও পরে জনদাবির মুখে পরিস্থিতির পরিবর্তন হলেও এখনও কাঙ্ক্ষিত রেলসেবা চালু হয়নি।
নেতারা ব্যাখ্যা করেছেন, যশোর থেকে ভোরে একটি আন্তঃনগর ট্রেন চালু হলে যাত্রীরা সকালে ঢাকায় গিয়ে অফিস-আদালত ও প্রয়োজনীয় কাজ শেষ করে সন্ধ্যায় ফিরতে পারবেন। এই দাবিকে সামনে রেখে তারা 'পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই' স্লোগানকে আন্দোলনের প্রতীক হিসেবে তুলে ধরেছেন।
তারা আরও জানান, ২০২৩ সাল থেকে স্মারকলিপি, মানববন্ধন, বিক্ষোভ, রেল অবরোধ ও নানান কর্মসূচির মাধ্যমে তারা দাবি জানিয়ে আসছেন। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্চ-এপ্রিল ২০২৬ সালের মধ্যেই নতুন আন্তঃনগর ট্রেন চালুর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই, আগামী ৬ জুলাই সোমবার বেলা ১টায় যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক কাওসার আলী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেছেন, আগামী ৬ জুলাইয়ের কর্মসূচির পরেও দাবি বাস্তবায়ন না হলে যশোরবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। তারা কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন