প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত উন্নত চিপের ওপর চীনের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক ও সহযোগিতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তিনি উল্লেখ করেন, কুয়ালালামপুর বেইজিংয়ের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে আনোয়ার এই মন্তব্য করেন।
আনোয়ার বলেন, "মালয়েশিয়া চীন বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষের দিকেই ঝুঁকে নেই।" তিনি আরও জানান, বিদ্যমান সাংস্কৃতিক ও আঞ্চলিক সম্পর্কের কারণে বেইজিংয়ের সঙ্গে কাজ করা তুলনামূলক সহজ। তিনি উল্লেখ করেন, "চীনের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বেইজিং কখনো কোনো উদ্বেগ প্রকাশ করেনি।"
"চীনের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রাখার অর্থ এই নয় যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বন্ধ করে দেব," বলেন আনোয়ার। তিনি আরও বলেন, "চীনারাও বিষয়টি বুঝতে পারে। অনেকে মনে করেন, আমি কিছুটা চীনের দিকে ঝুঁকে পড়েছি। এটি সত্য নয়।"
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনোয়ারের বৈঠকের আগেই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনা প্রতিষ্ঠানগুলোর এআই মডেল প্রশিক্ষণে উন্নত চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন রপ্তানি বিধিনিষেধ জারি করেছে। এর আওতায় মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উন্নত চিপ সরবরাহের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
আনোয়ার জানান, মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান চীনে চিপ রপ্তানি করছে কি না, তা পর্যবেক্ষণ করবে। একইভাবে চীনা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নজরদারিতে রাখা হবে, যাতে সেগুলো বেইজিংয়ের নির্ধারিত নিয়ম মেনে পরিচালিত হয়। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর যদি শর্ত আরোপ করা হয় যে তারা চীনে চিপ রপ্তানি করতে পারবে না, তাহলে মালয়েশিয়া সেই শর্ত মেনে চলবে। কারণ, প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি রয়েছে, সেটি পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব।"
তবে আনোয়ার স্পষ্ট করেন যে, এ ধরনের বিধিনিষেধ চীনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে মালয়েশিয়ার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াবে না। তাঁর ভাষ্য, "চীনা বিনিয়োগ এবং চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে মালয়েশিয়া।"
সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখতে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও অর্থায়ন নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আনোয়ার। তিনি বলেন, "যেসব বিনিয়োগকারী সরবরাহব্যবস্থা সুরক্ষায় সরকারের সহায়তা চাইবেন, তাঁদের সে অনুযায়ী অর্থ দিতে হবে।" আনোয়ার উল্লেখ করেন, ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে মালয়েশিয়া এখন আরও দক্ষ হয়ে উঠছে। তথ্যসূত্র: রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন