প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএসের সদস্য জিমিনের পরিচয় ব্যবহার করে এক ব্রাজিলীয় নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল এক প্রতারক। দীর্ঘ সময় ধরে অনলাইনে যোগাযোগের পর, দামি উপহার পাঠানোর প্রলোভন দেখিয়ে ওই নারীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ৫২ হাজার মার্কিন ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায়, এই পরিমাণ প্রায় ৬০ লাখ টাকারও বেশি।
সম্প্রতি, ব্রাজিলের সাও পাওলো শহরে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ৬৮ বছর বয়সী নারী একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। প্রায় চার মাস ধরে তাকে প্রেমের বার্তা পাঠিয়ে বিশ্বাস অর্জন করে প্রতারক। নিজেকে বিটিএস তারকা জিমিন হিসেবে পরিচয় দেওয়ার ফলে, একপর্যায়ে ওই নারী তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে বিশ্বাস করতে শুরু করেন।
প্রতারণার পরবর্তী ধাপে, ওই নারীকে দামি উপহার পাঠানোর প্রতিশ্রুতি দেয় ভুয়া জিমিন। পরে জানানো হয়, উপহারগুলো ব্রাজিলের শুল্ক বিভাগে আটকে গেছে। সেগুলো ছাড়িয়ে আনতে শুল্ক ও অন্যান্য খরচ বাবদ অর্থ পরিশোধ করতে হবে। প্রিয় তারকার কাছ থেকে উপহার পাওয়ার আশায়, কয়েক দফায় টাকা পাঠান ওই নারী। এমনকি, অর্থের জোগান দিতে ব্যাংক থেকে ঋণও নেন তিনি।
সব মিলিয়ে, প্রায় তিন লাখ ব্রাজিলীয় রিয়াল খুইয়েছেন ওই নারী। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এর পরিমাণ ৫২ হাজার মার্কিন ডলারের বেশি। একপর্যায়ে, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুয়া অ্যাকাউন্টটি বন্ধ করে দেন তিনি। পরে পুলিশের কাছে অভিযোগ জানান।
ঘটনাটি বর্তমানে তদন্ত করছে সাও পাওলোর সিভিল পুলিশ। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে, এ ঘটনায় বিটিএস সদস্য জিমিন কিংবা তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। প্রতারক চক্রটি তার পরিচয় ও ছবি ব্যবহার করে ওই নারীর সঙ্গে প্রতারণা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন