প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল নগরীর নতুন বাজারের একটি রেস্টুরেন্টে হামলার ঘটনায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ অভিযুক্তদের বিচারের দাবিতে ঝাড়ুমিছিল করেছেন স্থানীয় নারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রাথমিক অবস্থায় ঝাড়ুহাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনকারী নারীদের কারণে কিছু সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ মিছিলটি নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে মরকখোলার পুল এলাকা প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নারী ছাড়াও নতুন বাজার ও কাউনিয়া এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা অংশ নেন। বিক্ষোভকারী রেনু বেগম বললেন, ‘২৯ জুন রাতে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, কলেজ ছাত্রদল নেতা তামিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্তর নেতৃত্বে আমাদের দোকানে হামলা চালানো হয়।
ছাত্রদলের নেতারা তাদের প্রতিপক্ষের ওপর হামলা চালাতে এসে আমাদের দোকানও ভাঙচুর করেছে এবং আমাকে ও আমার বোনকে মারধর করে রাস্তায় ফেলে পিটিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আরেক বিক্ষোভকারী সালমা ইসলাম মন্তব্য করেন, ‘নারীদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে, চুল ধরে পিটিয়েছে। এখনো কোনো বিচার হয়নি, এমনকি সংগঠন থেকেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিচার না পেলে আমরা আবারও মাঠে নামব।’ গত ২৯ জুন রাতে বরিশাল নগরীর নতুন বাজারের মরকখোলার পুল এলাকায় একটি রেস্টুরেন্টে হামলার অভিযোগ ওঠে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে। হামলার শিকার দুই নারী অভিযোগ করেন, হামলার সময় রেস্টুরেন্টের ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে বুধবার বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতা ওয়ালিদ বিন সালাউদ্দিন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন