প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরওয়ে কর্তৃক রপ্তানি লাইসেন্স বাতিল করার পর, মালয়েশিয়া তাদের যুদ্ধজাহাজের জন্য তুরস্কের তৈরি ‘আতমাকা’ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে প্রথম পছন্দ হিসেবে নির্বাচন করেছে। কুয়ালালামপুর, রয়্যাল মালয়েশিয়ান নেভির ‘লিটোরাল কমব্যাট শিপ’ (এলসিএস)-এর জন্য এই ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে তুরস্কের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। দেশটি ২০২৯ সালের মধ্যে এই ক্ষেপণাস্ত্রের চালান পাওয়ার সম্ভাবনা দেখছে।
২০১৮ সালে মালয়েশিয়া নরওয়ের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘কংসবার্গ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস’-এর সঙ্গে প্রায় ১৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায় ‘মহারাজা লেলা’ শ্রেণির যুদ্ধজাহাজের জন্য ‘নেভাল স্ট্রাইক মিসাইল’ (এনএসএম) ও লঞ্চার সরবরাহের কথা ছিল। কিন্তু চুক্তির প্রায় ৯৫ শতাংশ অর্থ পরিশোধ হয়ে যাওয়ার পর, নরওয়ে পরিবর্তিত ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতির দোহাই দিয়ে রপ্তানি লাইসেন্স বাতিল করে। নরওয়ের দাবি, এই সংবেদনশীল প্রযুক্তি কেবল ন্যাটো মিত্র ও ঘনিষ্ঠ অংশীদারদের জন্য সীমাবদ্ধ থাকবে।
এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন, জানিয়ে দিয়েছেন যে কুয়ালালামপুর চুক্তির সব শর্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ খালেদ নরদিন এই ঘটনাকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ‘স্থায়ী ক্ষত’ হিসেবে অভিহিত করেছেন এবং নতুন প্রতিরক্ষা কেনাকাটা নরওয়ের সঙ্গে স্থগিত করেছেন। কুয়ালালামপুরে ক্ষতিপূরণ আদায়ের জন্য আন্তর্জাতিক সালিশি (আরবিট্রেশন) প্রক্রিয়ার পথও খোলা রেখেছে মালয়েশিয়া।
মালয়েশিয়া কেন তুরস্কের ‘আতমাকা’ বেছে নিয়েছে, সে বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী খালেদ নরদিন জানান, দাম, সরবরাহের সময়সীমা এবং প্রাথমিক খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্স ও ইতালির প্রস্তাবও মূল্যায়ন করা হয়েছিল, তবে তুরস্কের ‘রোকেটসান’ নির্মিত আতমাকা ক্ষেপণাস্ত্রকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে।
মূলত, ২০২৬ সালের এপ্রিল মাসে তুরস্কের ‘এসটিএম’ শিপইয়ার্ডে নির্মাণাধীন তিনটি ‘লিটোরাল মিশন শিপ ব্যাচ-২’ কর্ভেট জাহাজের জন্য মালয়েশিয়া প্রায় ২৪টি আতমাকা ক্ষেপণাস্ত্রের ক্রয়াদেশ দিয়েছিল। নতুন করে ক্ষেপণাস্ত্র কিনতে গেলে অন্তত ৩০ মাস সময় লাগতে পারে। তাই আগের ক্রয়াদেশের আওতায় কিছু ক্ষেপণাস্ত্র নির্ধারিত সময়ের আগেই সরবরাহ নিয়ে যুদ্ধজাহাজগুলোতে যুক্ত করার পরিকল্পনা করছে কুয়ালালামপুর।
তুরস্কের এই ক্ষেপণাস্ত্রটি ২৪০ থেকে ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে নিচু উচ্চতায় (সি-স্কিমিং) উড়ে যেতে পারে, ফলে শত্রুপক্ষের রাডারে এটি সহজে ধরা পড়ে না। ২২০ কেজি ওজনের শক্তিশালী ওয়ারহেড বহনকারী এই ক্ষেপণাস্ত্রের মধ্যে সক্রিয় রাডার সিকার, স্যাটেলাইট নেভিগেশন ও ডেটালিংক সুবিধা রয়েছে।
তবে মালয়েশিয়ার সামনে বড় কারিগরি চ্যালেঞ্জ হলো সমন্বয়। কর্ভেট জাহাজগুলোতে তুরস্কের নিজস্ব কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম ‘হাভেলসান’ ব্যবহৃত হবে, কিন্তু মহারাজা লেলা শ্রেণির যুদ্ধজাহাজগুলোতে রয়েছে ফরাসি প্রযুক্তির ‘সেটিস’ কমব্যাট সিস্টেম। বিশ্বের কোথাও এর আগে সেটিস সিস্টেমের সঙ্গে আতমাকা ক্ষেপণাস্ত্র যুক্ত করার নজির নেই। ফলে সফটওয়্যার ও লঞ্চার সমন্বয়ের পর নৌবাহিনীর চূড়ান্ত অনুমোদন পাওয়াটাই এখন মূল পরীক্ষা।
আগামী ২০২৭ সালের এপ্রিল নাগাদ প্রথম মহারাজা লেলা শ্রেণির যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে যুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে ক্ষেপণাস্ত্র সংযোজনের কাজ ২০২৯ সাল পর্যন্ত গড়ালে, জাহাজটি শুরুতে পূর্ণাঙ্গ সমরসজ্জা ছাড়াই নিয়মিত টহল কাজে ব্যবহৃত হবে।
বিশ্লেষকদের মতে, নৌবাহিনীর দুটি ভিন্ন শ্রেণির জাহাজে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ খরচ কমবে এবং দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার সমুদ্র প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত হবে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিরক্ষা বাজারে তুরস্কের প্রভাবও বৃদ্ধি পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন