প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সফিজ উদ্দিন মোল্লা (৪৫) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু অটোরিকশার চার্জের প্লাগ খুলতে গিয়ে ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা।
বিদ্যুতায়িত হয়ে তিনি প্রাণ হারালেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। মুহূর্তের মধ্যে থেমে গেল পরিবারের একমাত্র উপার্জনের উৎস। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর মান্দা উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সফিজ উদ্দিন মোল্লা ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন মোল্লার সন্তান ছিলেন। তিনি পেশায় অটোরিকশাচালক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সফিজ উদ্দিন অটোরিকশা নিয়ে কাজে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়ির ঘরে চার্জে থাকা অটোরিকশার প্লাগ খুলতে গিয়ে তিনি অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের শিকার হন এবং বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সফিজ উদ্দিনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
সফিজ উদ্দিনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। যে ব্যক্তি প্রতিদিন অটোরিকশা চালিয়ে পরিবারের খরচ জোগাতেন, সেই ব্যক্তি জীবিকার উদ্দেশ্যে বের হওয়ার আগেই নিথর হয়ে ফিরলেন। স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকলে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন