প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে কয়েকটি শিল্পাঞ্চলে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। কিছু স্থানে সড়ক অবরোধের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।
সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে সড়কে নামেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় ২৬টি কারখানা বন্ধ রয়েছে এবং পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে সাভার-আশুলিয়ায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। হেমায়েতপুরের বাগবাড়ীতে স্টারলিং গ্রুপের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে হেমায়েতপুর-কোনাবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
পদ্মার মোড়েও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন, যা পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। শিল্প পুলিশ জানায়, শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। রাজফুলবাড়িয়ায় ঢাকা-আরিচা মহাসড়কও শ্রমিকেরা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শ্রমিকেরা কাজ ছেড়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পুলিশের কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর শ্রমিকরাও ইটপাটকেল ছোড়েন। বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড সোয়েটার ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেছিলেন, কিন্তু পরে কিছু শ্রমিক বের হয়ে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। খেজুরবাগান ও নরসিংহপুরের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পদ্মার মোড়ের কারখানাগুলোতেও ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ইনকিলাবকে জানান, ওই এলাকার অন্যান্য কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। শুধু স্টারলিং গ্রুপের শ্রমিকেরা আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথেষ্ট উপস্থিতি রয়েছে।
রাজধানীর মিরপুরেও একই দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবীর ৭ নম্বর সেকশনের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে কিছু শ্রমিক পল্লবী-১১ মেট্রো স্টেশনের নিচে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ইনকিলাবকে জানান, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের প্রভাব অধিকাংশ পোশাক কারখানায় পড়েনি। জেলার ফতুল্লা, শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। এসব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাত প্লাটুন বিজিবি, চার প্লাটুন আনসার এবং ৫৭৫ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। মুন্সিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ থেকেও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ইনকিলাবকে জানান, মালিক ও শ্রমিকদের সহযোগিতায় শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলও ছিল স্বাভাবিক। মৌচাক, সফিপুর, চন্দ্রা ত্রিমোড় ও পল্লীবিদ্যুৎ এলাকার খোলা কারখানাগুলোতে হাজারো শ্রমিক কাজে যোগ দেন। এসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে পুরোদমে। কোথাও সড়ক অবরোধ বা বিক্ষোভের ঘটনা ঘটেনি।
শ্রমিকেরা জানান, তারা কাজ করতে চান এবং মজুরি বাড়ানোর দাবি তাঁদের রয়েছে। তবে কারখানা বন্ধ কিংবা সড়ক অবরোধের মতো পরিস্থিতি চান না। কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম ইনকিলাবকে জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন ইনকিলাবকে জানান, চলমান শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী গাজীপুরের ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড এবং মৌচাক ও কোনাবাড়ী এলাকার কয়েকটি কারখানা রয়েছে। মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এসব কারখানা পুনরায় চালু হবে। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অন্যায়ভাবে কালো তালিকাভুক্তি বন্ধ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল এবং গ্রেফতার শ্রমিকদের মুক্তি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন