প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙ্গামাটি, ২২ নভেম্বর ২০২৬ : জেলার কাপ্তাই উপজেলায় সৌরশক্তি চালিত ‘কুলবট কোল্ড স্টোরেজ’ (হিমাগার) নির্মাণের উদ্দেশ্যে আজ রাঙ্গামাটি জেলা পরিষদ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘প্রোগ্রেস’ প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার দুপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের পক্ষে শাইং শাইং ইউ চুক্তিতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা, সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্প ফোকাল অরুনেন্দু ত্রিপুরা প্রমুখ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইন রাঙ্গামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় সৌরশক্তিচালিত ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নির্মাণের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আধুনিক এবং তুলনামূলকভাবে স্বল্পব্যয়ী সৌরশক্তি চালিত প্রযুক্তির ব্যবহারের ফলে কাপ্তাই উপজেলার সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষক এবং গ্রামবাসীরা উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা পাবেন।
এ বিষয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙ্গামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে কাপ্তাইয়ে এ হিমাগার স্থাপন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, এ প্রকল্পের সুফল পাওয়া গেলে পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় এই কুলবট কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে।
তিনি আরও বলেন, হিমাগারটি চালু হলে মৌসুমি এবং পচনশীল কৃষিপণ্যের অপচয় কমবে। স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীরা সহজে বাজারজাতকরণের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সক্ষম হবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন