প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জ, ২০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে। এই নতুন বিভাগগুলো হলো- অর্থনীতি, আইন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই বিভাগগুলোর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন বিভাগগুলোর জন্য ১৮ জন শিক্ষক এবং ৬ জন কর্মচারীসহ মোট ২৪টি পদের অনুমোদন দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই তথ্য তুলে ধরেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন।
তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তিনটি বিভাগের অনুমোদন চূড়ান্ত করা হয়েছে। আধুনিক বিশ্বের চাহিদার প্রেক্ষাপটে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অর্থনীতি ও আইন বিভাগেরও অনুমোদন দেয়া হয়েছে।
অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন আরও জানান, নতুন তিনটি বিভাগের অনুমোদন সংক্রান্ত খসড়ায় আগের দিন স্বাক্ষর করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন।
নতুন তিনটি বিভাগের চালু হলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতটিতে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর সম্প্রসারিত হবে এবং বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান ও আইন শিক্ষায় উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।
এদিকে, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণের সময়সীমাও ইউজিসি’র এই সদস্য ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন করা হবে। এ জন্য মোট ৯৯ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে।
নতুন তিনটি বিভাগের চূড়ান্ত অনুমোদন এবং স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহণের সময়সীমা ঘোষণাকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন