প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জের তাড়াশে, সরকারি জায়গায় অবস্থিত ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠের জায়গা একটি গ্রাম্য প্রভাবশালীর বিরুদ্ধে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি দখলের বিষয়টি জানান দিতে, এই প্রভাবশালী ব্যক্তি ঈদগাহ মাঠের ইটের সীমানা প্রাচীর ভেঙে নতুন করে টিনের বেড়া দিয়েছেন।
রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে, উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের ঈদগাহ মাঠে টিনের বেড়া দেওয়ার কাজ হয়েছিল।
এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন, দেওড়া গ্রামের প্রভাবশালী মো. জিয়াউল হকের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের পাকা গ্রামীণ সড়কসংলগ্ন সাত শতক জায়গায় প্রায় ৬১ বছর আগে থেকেই গ্রামবাসী ঈদগাহ মাঠ হিসেবে জায়গাটি ব্যবহার করে আসছেন। ২০২৬ সালেও ঈদের নামাজ আদায়ের পাশাপাশি, দেওড়া গ্রাম ঈদগাহ মাঠ কমিটির পক্ষ থেকে ওই জায়গার লিজও নবায়ন করা হয়েছে।
কিন্তু সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠের জায়গাটি নিজের দাবি করে গ্রামবাসীর সঙ্গে বিরোধে জড়ান। রোববার রাতে, জাহাঙ্গীর হোসেন তার লোকজন নিয়ে ঈদ মাঠের পুরোনো ইটের প্রাচীর ভেঙে, জোরপূর্বক জায়গাটি দখল করেন এবং ঈদমাঠের সাত শতক জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেন।
সোমবার সকালে, হঠাৎ করে গ্রামবাসী ঈদ মাঠের চারদিকে টিনের বেড়া দেখে নিশ্চিত হন যে, পুরোনো ঈদগাহ মাঠটি দখল হয়ে গেছে। তখন গ্রামবাসীরা জরুরি সেবা নম্বরে ৯৯৯-এ কল করেন। তবে প্রশাসনের কোনো সাড়া না পেয়ে, প্রতিকার পেতে সোমবার বিকেলে দেওড়া ঈদগাহ কমিটির সদস্য আলম জাহাঙ্গীর তাড়াশের সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠ দখলের কথা স্বীকার করে জানান, জায়গাটি তার পৈতৃক সম্পত্তি। কিন্তু গ্রামবাসীর বাধার কারণে তিনি তা দখল নিতে পারছিলেন না। এখন সময় হয়েছে এবং তাই তিনি জায়গাটির দখল বুঝে নিয়েছেন।
এ বিষয়ে দেওড়া ঈদগাহ কমিটির সদস্য আলম জাহাঙ্গীর মন্তব্য করেন যে, ঈদগাহের জায়গাটি মূলত সরকারি সম্পত্তি। যা তারা আইন মোতাবেক ঈদ মাঠ হিসেবে লিজ নিয়ে বহু বছর ধরে দুটি ঈদের নামাজ পড়ে আসছেন। কিন্তু সম্প্রতি দখলদার ভুয়া কাগজপত্র তৈরি করে জায়গাটি দখল করে নিয়েছে। এটা অন্যায়।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাড়াশের সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি প্রাথমিক তদন্তের জন্য দেশিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন