প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি দলের (জাতীয় নাগরিক পার্টি) এক নেতা পলাশ আলী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পলাশ আলী তানোর উপজেলার প্রাণপুর গ্রামে বসবাস করেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
মামলার এজাহার থেকে জানা যায়, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় কর্মরত। সেখানে তার সহকর্মী ২৭ বছর বয়সী এক তরুণী অভিযোগ করেছেন যে, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এই ঘটনার পর ওই তরুণী আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু জানান, তানোরের ওই কমিটি সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই। তিনি বলেন, "বিষয়টি জানার পর তানোর উপজেলার দায়িত্বশীলদের অবহিত করা হয়েছে। তারা সঠিক তথ্য আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন