প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে মুঠোফোনের মাধ্যমে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগে খন্দকার সালমান হাসান মিম নামের এক যুবককে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশে সোপর্দ করেছেন। এ সময় তার ওপর মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা যায়।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় শিক্ষার্থীরা সালমানকে আটক করে। পরে শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তার শারীরিক অবস্থার পরীক্ষা ও চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
অভিযুক্ত সালমান টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। অভিযোগকারী ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী।
অভিযোগকারী ছাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সালমানের সঙ্গে ওই ছাত্রীর সাবেক এক রুমমেটের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে সালমানের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। দুই দিন আগে সালমান রাজশাহীতে আসেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তিনি ওই ছাত্রীকে মুঠোফোনে কল করেন। পরিচয় জানতে চাইলে সালমান তাকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী।
পরে তিনি বিষয়টি বন্ধু ও পরিচিতদের জানালে একপর্যায়ে সালমানকে ফোন করে কৌশলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে বলা হয়। যখন তিনি ক্যাম্পাসে আসেন, তখন ছাত্রীর সহপাঠীরা তাকে আটক করেন।
প্রায় চার ঘণ্টা পর চন্দ্রিমা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সালমানকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মুঠোফোনও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারী ছাত্রী বলেন, "আমাকে রাত সাড়ে ৪টায় কল করে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার পাশাপাশি অর্থ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। পরে পরিচয় জানতে পারি, সালমান আমার সাবেক রুমমেটের প্রাক্তন প্রেমিক। এ ঘটনায় আমি মামলা করার আবেদন করব। আমি সুষ্ঠু বিচার চাই।"
তবে সালমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমি এমন কোনো প্রস্তাব দিইনি। আমার মুঠোফোন থেকে অন্য কেউ কলটি করতে পারে। তার সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল। সে কারণে আমি দেখা করতে চেয়েছিলাম।"
চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ দায়ের করতে ভুক্তভোগীকে প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত যুবককে শারীরিক অবস্থা যাচাইয়ের জন্য রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন