প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের কর্মী ছিলেন এবং তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার রাতে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর দিকে মুঠোফোন দিয়ে ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। এই ঘটনার প্রতিবাদ করার পর হৃদয়ের সঙ্গে তার তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আমিন ফোন করে কয়েকজন সহযোগীকে ডেকে আনেন। তারা হৃদয়ের ওপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন জানান, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় তার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। সোমবার (১২ অক্টোবর) ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন