প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, বিশ্বের অন্যতম বিখ্যাত আকাশচুম্বী ভবন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনায় উঠে দুই তরুণ-তরুণী বিয়ের প্রস্তাব দিয়েছেন। স্থানীয় সময় বুধবার এই ঘটনাটি ঘটে।
অবাক করা ও ঝুঁকিপূর্ণ এই ঘটনার পর রুশ প্রেমিক ও প্রেমিকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
শত শত মিটার উঁচুতে, নিরাপত্তা সরঞ্জাম ছাড়া তাদের এই সাহসী কর্মকাণ্ড ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শী এবং সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো পোশাক এবং মুখোশ পরা ওই যুগল কোনও ধরনের নিরাপত্তা দড়ি ছাড়াই অ্যান্টেনার সরু ধাতব কাঠামোর ওপর দাঁড়িয়ে পরস্পরকে চুম্বন করছেন।
এ সময় তারা একটি ব্যানারও উড়িয়ে দেন, যার ওপর লেখা ছিল, “যখন ভালোবাসার শক্তি ক্ষমতার প্রতি লোভ-লালসাকে পরাজিত করবে, তখনই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
চূড়ায় হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার কিছুক্ষণ পর তারা ব্যানারটি গুটিয়ে নামতে শুরু করেন। অ্যান্টেনার একটি প্রশস্ত অংশে পৌঁছে তাদের একজন একটি আলোকচিত্র ধারণের সরঞ্জাম স্থাপন করেন এবং অপরজনের সামনে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
পরে তারা আবারও একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করেন এবং নারী আরোহীকে বাম হাত উঁচিয়ে আংটি দেখিয়ে সেলফি তুলতেও দেখা যায়।
এ ঘটনার খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের জরুরি সেবা ইউনিটের সদস্যরা অ্যান্টেনায় উঠে ওই যুগলের কাছে পৌঁছান।
পুলিশের বডি ক্যামেরার ভিডিওতে একজন কর্মকর্তা তাদের উদ্দেশে বলেন, “আপনারা এখানে থাকতে পারেন না।”
এদিকে যুগলের একজন উত্তর দেন, “আমাদের বাগদান হয়ে গেছে।”
কিছুক্ষণ পর তারা শান্তভাবে নিচে নেমে আসেন এবং পুলিশ তাদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ওই দুজনের নাম অ্যাঞ্জেলিনা নিকোলাউ এবং ইভান কুজনেৎসভ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যথাক্রমে অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান বিয়ারকুস নামে পরিচিত।
তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন ঝুঁকিতে ফেলা এবং অন্যান্য অভিযোগে মামলা করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
এ যুগল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকারস: একটি প্রেমের গল্প’-এর মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পায়।
প্রামাণ্যচিত্রটিতে তাদের বিভিন্ন উঁচু ভবন ও স্থাপনায় অনুমতি ছাড়াই বিপজ্জনকভাবে আরোহণের কথা দেখানো হয়েছে। অনেক সময় তারা নির্মাণশ্রমিকের ছদ্মবেশ ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে এসব স্থানে প্রবেশ করতেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনার এই আরোহণটি সম্পূর্ণ অননুমোদিত ছিল। তবে কীভাবে তারা নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে অ্যান্টেনায় পৌঁছালেন, সে বিষয়ে কোনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে প্রবেশের সময় দর্শনার্থীদের নিরাপত্তা তল্লাশি করা হয় এবং বড় ব্যাগ, ক্রীড়া সরঞ্জাম, মুখোশসহ বিভিন্ন সামগ্রী বহনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
ঘটনার সময় পর্যবেক্ষণ ডেকে থাকা পর্যটকরা দুই আরোহীকে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে দেখে। প্রথমে অনেকেই ধারণা করেছিলেন, তারা ভবনের কর্মী।
স্কটল্যান্ডের গ্লাসগো থেকে আসা পর্যটক জোনাথন রোমান বলেন, “এটা অবিশ্বাস্য। মনে হচ্ছিল সিনেমার দৃশ্য দেখছি।”
তিনি জানান, তিনি এবং তার ছেলে পর্যবেক্ষণ ডেকে ওঠার টিকিট কেটেছিলেন। কিন্তু ঘটনার কারণে ভবনের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর তিনি বলেন, “সম্ভবত এটি পর্যবেক্ষণ ডেকে দ্বিতীয়বার ওঠার চেয়ে বেশি রোমাঞ্চকর অভিজ্ঞতা।”
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনায় আগে আরও কয়েকবার দুঃসাহসিক আরোহণের ঘটনা ঘটেছে। তবে সেগুলোর বেশিরভাগই ছিল অননুমোদিত।
শুধু ২০২৩ সালে অভিনেতা ও সংগীতশিল্পী জ্যারেড লেটো একটি কনসার্ট সফরের প্রচারণার অংশ হিসেবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভবনটির ৮৬তম তলা থেকে অ্যান্টেনার নিচের অংশ পর্যন্ত আরোহণ করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন