প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উদযাপন করছে। এ উপলক্ষে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড, সচেতনতামূলক ক্যাম্পেইন, ইনোভেশন শোকেস, গবেষণা সম্মেলনসহ নানা বিজ্ঞান ও গবেষণাভিত্তিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
মাসব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ‘ইন্টারন্যাশনাল মাইক্রোবায়োলজি ডে গ্র্যান্ড সেলিব্রেশন’ আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজনে র্যালি, বৃক্ষরোপণ, বায়োফার্টিলাইজার প্রদর্শনী, ইনোভেশন শোকেস, ‘মাইক্রোবস ডিসকভারি কর্নার’ এবং মাইক্রোবায়োলজি অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
শনিবারের আয়োজনের মাধ্যমে অণুজীববিজ্ঞানকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হবে। গ্র্যান্ড সেলিব্রেশনে অণুজীববিজ্ঞানের বিভিন্ন ব্যবহারিক দিক, গবেষণা ও উদ্ভাবন তুলে ধরা হবে, এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব পেরিয়ে আসা প্রতিযোগীরা গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করবেন।
এর আগে ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যশোরের বিভিন্ন স্কুল-কলেজে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াডের প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ ক্যাম্পেইনও পরিচালিত হয়েছে। যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগ, বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস এবং যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে যশোরের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মাসব্যাপী আয়োজনের পরবর্তী গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে ২৬ সেপ্টেম্বর ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি ২—ইমার্জিং হরাইজনস ইন মাইক্রোবায়োলজি’ শীর্ষক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেশের ১০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ২৩টি বিভাগ থেকে প্রায় ২২৫ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।
সম্মেলনে তিনটি সমান্তরাল সেশনে অণুজীববিজ্ঞানের বিভিন্ন শাখা ও গবেষণার বিষয় নিয়ে ২১টি মৌখিক গবেষণা উপস্থাপনা এবং ৯০টি পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি তিনজন দেশবরেণ্য গবেষক তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন। এর মাধ্যমে গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
সবশেষে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা। এর মধ্যে ২৭ ও ২৮ সেপ্টেম্বর ‘অ্যাডভান্সড মাইক্রোস্কোপি’ এবং ২৯ ও ৩০ সেপ্টেম্বর ‘অ্যাডভান্সড মলিকুলার টেকনিকস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগ ও জিনোম সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালা দুটিতে আধুনিক মাইক্রোস্কোপি ও মলিকুলার গবেষণার বিভিন্ন ব্যবহারিক কৌশল নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যবিপ্রবির এ মাসব্যাপী আয়োজনে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সচেতনতামূলক কার্যক্রমকে একসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ গবেষকদের অণুজীববিজ্ঞানে আগ্রহী করে তোলা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সসহ জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়টি এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন