প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী ২০৩৫ সালের মধ্যে ইসলাম, অনুসারীর সংখ্যার দিক থেকে খ্রিষ্টধর্মকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের একটি পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়েছে।
গবেষণার ফলাফল অনুযায়ী, বিশ্বে ইসলাম এবং খ্রিষ্টধর্ম উভয়ের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি। এর পেছনে মূল কারণ হচ্ছে মুসলিম জনগণের মধ্যে উচ্চ প্রজনন হার।
পিউ রিসার্চের জ্যেষ্ঠ জনতত্ত্ববিদ কনরাড হ্যাকেট মন্তব্য করেছেন, "জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ধর্মান্তরের তুলনায় সন্তান জন্মদানের হার বেশি প্রভাব ফেলছে।"
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০-২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় প্রজনন হার ছিল ৩ দশমিক ১ সন্তান, যেখানে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মের নারীদের জন্য ১ দশমিক ৬।
পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি, আর মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে, অপরদিকে খ্রিষ্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি।
যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, খ্রিষ্টান জনসংখ্যা থাকবে ৩০০ কোটির কিছু নিচে। এই সময় পাকিস্তান, ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে। এরপর ভারত, নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়া থাকবে।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টান সাব-সাহারান আফ্রিকায় বসবাস করতে পারে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান জনসংখ্যার দেশ হতে পারে।
এদিকে, ২০৩০ সালের মধ্যে কানাডায় এবং ২০৬৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর অন্যতম কারণ হিসেবে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তবে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টোর ধর্মতত্ত্বের অধ্যাপক জেফরি ব্রড মনে করেন, যুক্তরাষ্ট্রে খ্রিষ্টধর্মের অনুসারীর সংখ্যা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।
হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক জিনা জুরলো খ্রিষ্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, "উভয় ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও সভ্যতার সংঘাতসংক্রান্ত ধারণা এখনও রয়েছে।" এই পরিস্থিতিতে আন্তঃধর্মীয় শিক্ষা ও ব্যক্তিগত যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।
পিউ রিসার্চের ধর্মবিষয়ক গবেষণার পরিচালক অ্যালান কুপারম্যান মন্তব্য করেন, মুসলিম জনসংখ্যার বৃদ্ধিকে খ্রিষ্টানদের ক্ষতি হিসেবে দেখার কোনো কারণ নেই। তবে গবেষণার ফলাফল এমনভাবে উপস্থাপন করা হতে পারে, যেন এটি দুই ধর্মের মধ্যে প্রতিযোগিতা বা সংঘাতের বিষয়।
বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় জনসংখ্যার এই পরিবর্তনকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে না দেখে বৈশ্বিক জনমিতিক পরিবর্তনের অংশ হিসেবে বিবেচনা করা উচিত।
সূত্র: এপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন