প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারত-পাকিস্তান সীমান্তে বলিউডের নতুন সিনেমা উড়তা তীর-এর প্রচারকালে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অভিনেত্রী সারা আলি খান। আটারি-ওয়াঘা সীমান্তে সিনেমার প্রচারের সময় পাকিস্তানের দিক থেকে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের তাজদার-এ-হারাম গানটি উচ্চ শব্দে বাজানো হয়। এই কারণে আয়ুষ্মান ও সারার বক্তব্য দর্শকদের কাছে স্পষ্টভাবে পৌঁছাতে পারেনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) উড়তা তীর সিনেমার প্রচারদল অমৃতসর ও আটারি-ওয়াঘা সীমান্তে উপস্থিত হয়। দর্শকদের উদ্দেশে কথা বলার জন্য আয়ুষ্মান ও সারা মাইক্রোফোন হাতে নেন। কিন্তু পাকিস্তানের দিক থেকে উচ্চ শব্দে গান বাজতে থাকায় তাদের কথা শোনা কঠিন হয়ে যায়।
ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, দর্শকদের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেন দুই অভিনেতা। কিন্তু গানটির শব্দে তাদের বক্তব্য অনেকটাই ঢাকা পড়ে যায়।
এর আগে আয়ুষ্মান ও সারা এই আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেখানে সারা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, "তাদের প্রতিদিনের শক্তি ও আত্মত্যাগ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করে।" তবে প্রকাশিত ভিডিওটিতে আয়োজনের সরাসরি শব্দ শোনা যায়নি।
অমৃতসর সফরের সময় সারা আলি খান স্বর্ণমন্দিরেও যান। সেখানে প্রার্থনার সময় আবেগাপ্লুত হয়ে পড়ার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নেপালে নিষিদ্ধ সিনেমা উড়তা তীর
ভারতে মুক্তি পেলেও নেপালে নিষিদ্ধ হয়েছে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত সিনেমাটি। নেপালের চলচ্চিত্র সমালোচক সামিপ্যরাজ তিমিলসিনার তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজানো হওয়ায় দেশটিতে এটি মুক্তির অনুমতি দেওয়া হয়নি।
নেপালের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, "অন্য কোনো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে কিংবা বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন সিনেমা নিষিদ্ধ করার বিধান দেশটিতে রয়েছে।"
কী আছে সিনেমার গল্পে?
উড়তা তীরকে দেশাত্মবোধক হাস্যরসাত্মক সিনেমা হিসেবে তুলে ধরা হচ্ছে। সিনেমাটিতে আয়ুষ্মান খুরানাকে পাকিস্তানি এক গুপ্তচরের চরিত্রে দেখা যাবে, যিনি একটি বিশেষ মিশনে ভারতে প্রবেশ করেন। কিন্তু দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেললে তাকে ভারতীয় গুপ্তচর বলে বিশ্বাস করানো হয়। এ ঘটনা থেকেই তৈরি হয় নানা হাস্যরসাত্মক পরিস্থিতি।
আকাশ কৌশিক পরিচালিত সিনেমাটিতে আয়ুষ্মানের সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান। ২৩ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন