প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতিসংঘের সহায়তা তহবিলের কাটছাঁট এবং ইসরায়েলের হামলার ফলে লেবাননে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের জীবনযাত্রা ক্রমাগত কঠিন হয়ে উঠছে। অর্থসংকটের কারণে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য পরিচালিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম সংকুচিত হচ্ছে, যার ফলে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। চিকিৎসাসেবা এবং মানবিক সহায়তার পরিমাণ কমে যাচ্ছে। বেকারত্ব, মাদক ব্যবহার এবং অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেবাননে প্রায় ২ লাখ ৩০ হাজার ফিলিস্তিনি শরণার্থী বসবাস করছেন। তাদের জন্য দেশে ১২টি শরণার্থী শিবির রয়েছে। দীর্ঘকাল ধরে ইউএনআরডব্লিউএ এই মানুষের শিক্ষা, চিকিৎসা এবং খাদ্য সহায়তা প্রদান করে আসছে। তবে অর্থসংকটের কারণে ২০২৬ সালের জন্য সংস্থাটির আরও ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার প্রয়োজন। ইতোমধ্যে গত ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সেবার কর্মঘণ্টা ২০ শতাংশ কমানো হয়েছে।
অর্থসংকটের কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনেক স্কুলে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে চার দিন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা ৪০ জনের বেশি হওয়ায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অন্যদিকে, ২৬টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে বর্তমানে মাত্র ১৫টি কার্যকর রয়েছে, ১১টি বন্ধ হয়ে গেছে।
কর্মসংস্থানের সংকটের পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতে মাদক ব্যবহার এবং অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অনেক ফিলিস্তিনি লেবাননের বিভিন্ন পেশায় কাজ করার আইনি সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের অর্থনৈতিক দুরবস্থা আরও তীব্র হয়ে উঠছে।
এছাড়া, লেবাননে ইসরায়েলের সামরিক হামলার কারণে দক্ষিণাঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কা দেখা দিয়েছে। সহায়তা কমানো, কর্মসংস্থানের অভাব এবং সেবার মান নিয়ে ক্ষোভের কারণে বিভিন্ন শিবিরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শরণার্থীরা।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন