প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানিকগঞ্জের ঘিওর থেকে ১০ দিন পর অপহৃত কলেজছাত্র রিদয়ন আনসারী (২৫) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার কাছ থেকে তাকে উদ্ধার করা হয়।
রিদয়ন আনসারী ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। বর্তমানে তিনি রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছেন। কলেজে বিবিএ পড়ার পাশাপাশি তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
জানা গেছে, সোমবার রাতে অপহরণকারীরা রিদয়নকে ঢাকার নবীনগর-কালিয়াকৈর এলাকার মির্জাপুরে ফেলে রেখে যায়। মঙ্গলবার সকালে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান রিদয়ন। সেখানে এক পাঠাও চালকের ফোন ব্যবহার করে মায়ের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।
পরিবার ও ভুক্তভোগীর দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ন। পথে আব্দুল্লাহপুর থেকে মগবাজার যাওয়ার জন্য তিনি প্রভাতী বনশ্রী বাসে ওঠেন। বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে তার পাশে মাস্ক পরা এক ব্যক্তি এসে বসেন। এরপর রিদয়ন স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, অপহরণকারীরা তাকে (রিদয়ন) একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সারাদিনে মাত্র একবার খাবার দেওয়া হতো এবং সারাক্ষণ হাত ও চোখ বাঁধা থাকত। ঘটনার পরদিন ২৫ অক্টোবর ভোরে একটি অপরিচিত নম্বর থেকে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তিনি আরও জানান, স্বজনরা দিশেহারা হয়ে অপহরণকারীদের দেওয়া বিকাশ ও নগদ নম্বরে দফায় দফায় ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা পাওয়ার পরও তারা রিদয়নকে মুক্তি না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়া রিদয়নের মোবাইল ফোন, ইমেইল, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের সব পাসওয়ার্ড হাতিয়ে নেয় চক্রটি।
শাহরিয়ার আনসারী জানান, সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় রিদয়নকে মির্জাপুরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায় অপহরণকারীরা। মঙ্গলবার সকালে সেখান থেকে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় যান তিনি। এরপর এক পাঠাও চালকের মোবাইল থেকে মায়ের নম্বরে কল দিয়ে নিজের অবস্থান জানান। স্বজনেরা দ্রুত নবীনগর স্মৃতিসৌধের সামনে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকার মগবাজারের বাসায় নিয়ে যান।
টানা ৯ দিন বন্দি থাকার কারণে রিদয়ন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবারটি জানায়। তার শরীরে জ্বর ও ব্যথা রয়েছে এবং কথা বলতে কিছুটা অস্পষ্টতা দেখা দিচ্ছে। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
এ ঘটনায় ২৫ অক্টোবর রিদয়নের খালাতো ভাই ফয়সল মাহমুদ কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতে র্যাব-৩ (খিলগাঁও ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
এদিকে রিদয়নকে উদ্ধারের দাবিতে গত সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন