প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আলাস্কার বেরিং সাগরের হিমশীতল পানিতে উল্টে যাওয়া একটি নৌকার ওপর দুই দিন কাটানোর পর ১৫ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় তার বড় ভাই ও এক চাচাতো ভাইয়ের মৃত্যু ঘটেছে।
উদ্ধার হওয়া কিশোরের নাম ডেরেক পার্কার আগনাঙ্গা। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর আলাস্কার উপকূলের সেন্ট লরেন্স দ্বীপ থেকে ১৮ ফুটের একটি নৌকায় মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিল ওই তিন ভাই। কিন্তু নির্ধারিত সময়ে ফিরে না আসায় কোস্টগার্ড অনুসন্ধান শুরু করে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের একটি বিমান উল্টে যাওয়া নৌকাটি শনাক্ত করে। তখন কিশোরটি উল্টে থাকা অ্যালুমিনিয়ামের নৌকার ওপর একা বসে ছিল। কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে। পরে উদ্ধার করা হয় তার বড় ভাই ও চাচাতো ভাইয়ের মরদেহ।
উদ্ধারকারী নৌকার ক্যাপ্টেন অ্যাডাম হোয়াইট জানান, উদ্ধার করার সময় কিশোরটি প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারে সমুদ্রের প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উল্টে যাওয়া নৌকাটি আঁকড়ে ধরেছিল। তখন তার শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়ে হাইপোথার্মিয়া দেখা দেয়। খাবারের পাশাপাশি পানির তীব্র সংকট থাকা সত্ত্বেও কিশোরটি হাল ছাড়েনি।
কিশোরটির মা ভিনা কুলোউইয়ি জানান, তারা সাইবেরিয়ান ইউপিক সংস্কৃতির অংশ হিসেবে গ্রামবাসীর খাবারের সংস্থানে সাগরে গিয়েছিলেন। সাভোঙ্গা গ্রামের মানুষের জন্য মাছ ও মাংস সংগ্রহের ঐতিহ্য ধরে রাখতেই এই অভিযাত্রা ছিল।
ছেলে বেঁচে ফেরায় মা স্বস্তি প্রকাশ করে বলেন, উল্টে যাওয়া নৌকায় একা বসে থাকা অবস্থায় সে ভয় না পেয়ে কেবল প্রার্থনা করে গেছে। উদ্ধার হওয়া কিশোরটি এখন নিজ বাড়িতে সুস্থ হয়ে উঠছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন