প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনায় বাসাবাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহকারী ১০-১২ জন পরিচ্ছন্নকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নকর্মীরা।
শুক্রবার (৩ জুলাই) সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রীকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ময়লাবাহি শত শত ভ্যান গাড়ি থামিয়ে রেখে এ অবরোধ সৃষ্টি করা হয়।
পরিচ্ছন্নকর্মীরা জানান, সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের প্রায় ৬০০টি ভ্যান গাড়ি ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকার মার্কাজ রোডের একটি বেসরকারি স্থানে নিয়ে ডাম্পিং করেন তারা। এসব গাড়ির চাকায় অথবা বডিতে কোন সমস্যা সৃষ্টি হলে রিয়া গোপ স্টেডিয়ামের সামনে সড়কের পাশে মেরামত করা হয়। গত বুধবার (১ জুলাই) বিকেলে কয়েকটি গাড়ি মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরানোর কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। তখন পরিচ্ছন্নকর্মীরাও তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এমনকি তারা অভিযোগ করেন, এ ঘটনার আপোস মীমাংসা করতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসেন উভয়পক্ষ। সেই আপোস মীমাংসার বৈঠকে হিমেল তার দলের লোকজন নিয়ে ১০/১২ জন পরিচ্ছন্নতা কর্মীকে এলোপাতাড়ি মারধর করেন। তখন গণ্যমান্য ব্যক্তিরা পরিচ্ছন্নতা কর্মীদের আইনের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়ে বৈঠক থেকে উঠে চলে যান।
এ ঘটনার পর অভিযুক্ত হিমেল এবং তার লোকজনের বিচারের দাবিতে শুক্রবার (৩ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন বলে জানান পরিচ্ছন্নকর্মীরা।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রী ও এলাকাবাসী প্রায় এক ঘন্টা চরম ভোগান্তিতে পড়েন। জরুরি প্রয়োজনের কারণে গাড়ি ছেড়ে অনেককেই ৩/৪ কিলোমিটার সড়ক পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে বলে জানা যায়। সড়ক অবরোধের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিচ্ছন্নতা কর্মীদের আইনগত সহযোগিতার আশ্বস্ত করলে তারা সড়ক অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরিচ্ছন্নকর্মী অভিযোগ করেন, ময়লার ৬০০ ভ্যান গাড়ি থেকে একটি চক্র প্রতিদিন প্রায় এক লাখ টাকা চাঁদাবাজি করে। ওই চক্রের আদায় করা চাঁদা থেকে হিমেল এবং তার বাহিনীর লোকজন ভাগ চেয়ে আসছে। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কর্মীদের উপর বিভিন্নভাবে নির্যাতন করে চলেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ শুনেছি এবং তাদের আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছি। এতে তারা সড়ক অবরোধ তুলে নেয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন