প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ আবারও দেখা দিয়েছে। অনেক কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং কর্মক্ষেত্রে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা ৫০টিতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
এদিন সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পর আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।
হঠাৎ করে ছুটির সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কর্মস্থলে আসা শ্রমিকরা। অনেক শ্রমিক কারখানায় এসে ছুটির নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং কারখানা খুলে দেওয়ার দাবি জানান। শ্রমিকরা জানান, "বেতন-ভাতা না দিয়ে এভাবে বিনা কারণে কারখানা বন্ধ রাখা সঠিক সিদ্ধান্ত নয়।"
তারা আরও বলেন, "মালিকরা নিজেদের অপরাধ ঢাকতে ও শ্রমিকদের দায়ী করে সময়মতো বেতন না দিয়ে আন্দোলনের অজুহাতে বিনা কারণে কারখানা বন্ধ রাখছে।"
পুলিশ জানায়, শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে বারবার শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মালিকরা। এতে পোশাক রপ্তানি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন।
এ ব্যাপারে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, "সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন