প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
একটি পরিবারের বুকে স্বস্তি এবং একটি শিশুর মুখে হাসি— এই প্রত্যাশা নিয়ে ঠোঁট ও তালুকাটা শিশুদের জন্য মানবিক সহায়তা প্রদান করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ডা. আরিফ উল হাসান, হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, উদ্যোগ গ্রহণ করেছেন এসব শিশুর জন্য বিনামূল্যে অস্ত্রোপচার, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত ওষুধ সহায়তা প্রদানের। অসচ্ছল পরিবারের অভিভাবকরা নতুন আশার আলো দেখতে পাচ্ছেন এই উদ্যোগের মাধ্যমে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উয়ারুক বাজারে মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের আয়োজনের মাধ্যমে এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল।
এতে অংশগ্রহণ করেন চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা শিশু ও তাদের অভিভাবকেরা। সন্তানের সুস্থতার প্রত্যাশায় দূরদূরান্ত থেকে আসা অভিভাবকদের উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
ঠোঁট ও তালুকাটা নিয়ে জন্ম নেওয়া শিশুদের চিকিৎসায় অস্ত্রোপচারসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবার প্রয়োজন হতে পারে। কিন্তু অনেক পরিবারের জন্য আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। অর্থের অভাবে যেন কোনো শিশু চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত ওষুধ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ডা. আবু নাছের শাকিল এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, "অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়।" তিনি আরও বলেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এসব শিশু সুন্দরভাবে বেঁচে থাকার আরও সুযোগ পাবে।
হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আরিফ-উল-হাসান জানান, "প্রচলিত চিকিৎসাসেবার গণ্ডি পেরিয়ে অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।" তিনি বলেন, অর্থের অভাবে কোনো শিশু যেন ঠোঁট ও তালুকাটার চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটিই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, বাংলাদেশের যেকোনো এলাকার ঠোঁট ও তালুকাটা শিশুরা নিবন্ধনের মাধ্যমে এ বিনামূল্যের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ জুলাই উদ্বোধনের মাধ্যমে মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। বর্তমানে হাসপাতালটিতে ২৪ ঘণ্টা জরুরি ও ট্রমা সেবার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবার এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন দূরদূরান্ত থেকে আসা শিশুদের অভিভাবকেরা। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সন্তানরা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পাবে।
মানবিক এ উদ্যোগ শুধুমাত্র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে সহায়তার একটি ইতিবাচক দৃষ্টান্ত। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে আরও অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন