প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ব্যাংক গ্রামীণ জনগণের জন্য জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংকে যাওয়ার প্রয়োজন ছাড়াই প্রান্তিক জনগণ, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিরা এই ঋণ গ্রহণ এবং কিস্তি পরিশোধ করতে পারবেন।
গত ৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করে একটি সার্কুলার জারি করেছে। নতুন নির্দেশনায় স্কিমটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এই স্কিমের আওতায় একজন গ্রাহক জামানতবিহীন ঋণ হিসেবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা নিতে পারবেন। ঋণের মেয়াদ ১২ মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার ৯ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করবে।
ঋণ বিতরণের ক্ষেত্রে ‘ই-ঋণ’ স্কিমে কিছু জনগণের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রান্তিক জনগণ, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ।
এছাড়া, প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও অগ্রাধিকার পাবেন।
বাংলাদেশ ব্যাংক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগণের জন্য সহজে ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে যাদের জন্য প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জামানত দিয়ে ঋণ নেওয়া কঠিন, তাদের জন্য এই স্কিম কার্যকর ভূমিকা রাখবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে।
বাংলাদেশ ব্যাংক মনে করে, এই স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সুবিধা সহজলভ্য হবে এবং প্রান্তিক জনগণের আয়বর্ধক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। একইসঙ্গে, ব্যাংকিং লেনদেনে মোবাইল অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে মানুষের আগ্রহ ও অভ্যস্ততা বাড়বে।
এতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার উদ্যোগও ত্বরান্বিত হবে। কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন