প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের ওপর ককটেল হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, ককটেলের স্পিন্টারে তার হাত ও পায়ে আঘাত লেগেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাংলা বাজারের মূল সড়কে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের কারণে বিএনপির এই নেতাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর আগে সোমবার (৫ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে, যা স্থানীয় বিএনপি ও জামায়াতপন্থিদের মধ্যে বিরোধ সৃষ্টি করে।
স্থানীয়দের মতে, জামায়াত নেতা ছালামের বড় ভাই আবু তালেব ওই ব্যানারটি ছিঁড়ে ফেলেন। এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এর ফলস্বরূপ মঙ্গলবার বাংলা বাজার এলাকায় বিএনপি নেতা মতিউর রহমান সাগরের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একপর্যায়ে তাকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয়।
পরে রাতে ক্লাব থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় বাংলা বাজারের মূল সড়কে দুর্বৃত্তরা মতিউর রহমান সাগরের ওপর ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের ফলে তার হাত ও পায়ে আঘাত লাগে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, তারা হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে মতিউর রহমানকে আহত অবস্থায় দেখতে পান। তবে হামলাকারীরা এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ঘটনার পর বাংলা বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের মধ্যে সতর্কতা বিরাজ করছে।
মতিউর রহমান সাগর জানিয়েছেন, তিনি ঘটনার পর আতঙ্কে আছেন। পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন