প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌসুমি নিম্নচাপের প্রভাবের কারণে টানা বৃষ্টিতে পটিয়া উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে বাড়িঘর, কাঁচা সড়ক, কৃষিজমি, বীজতলা এবং মাছের ঘের পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, পটিয়া উপজেলার কুসুমপুরা, জিরি, কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, বড়লিয়া, জঙ্গলখাইন, আশিয়া, কাশিয়াইশ, ছনহরা এবং ভাটিখাইনসহ শোভনদন্ডী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার একাধিক ইউনিয়নের নিম্নাঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বহু গ্রামের কাঁচা সড়ক কাদায় চলাচলের অযোগ্য হয়ে গেছে। কোথাও কোথাও রাস্তার অংশ ভেঙে যাওয়ার কারণে জরুরি চলাচলও ব্যাহত হয়ে পড়েছে। বাড়ির উঠান, বসতঘর এবং কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে, স্কুলগামী শিক্ষার্থী, রোগী, কৃষক এবং দিনমজুররা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন।
স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, বীজতলা এবং নতুন আবাদি জমি পানিতে তলিয়ে যাওয়ায় মৌসুমি চাষাবাদ ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে, পুকুর ও জলাশয়ের মাছ ভেসে যাওয়ায় ক্ষুদ্র মৎস্যচাষিদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
তাদের ভাষ্য হচ্ছে, এক রাতের বৃষ্টিতে কয়েক মাসের বিনিয়োগ পানিতে ভেসে গেছে। এছাড়া, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পানিবন্দি পরিবারগুলো রান্না, নিরাপত্তা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বাসসকে জানিয়েছেন, অতি ভারী বৃষ্টির কারণে পশ্চিম পটিয়ার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ভয়াবহ আকার নিয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত পানি নিষ্কাশনের কোনো বিকল্প নেই। এজন্য ভেল্লাপাড়া স্লুইস গেট নিয়মিত খুলে রাখতে হবে যাতে পানি চলাচল স্বাভাবিক করা যায়।
তিনি আরও জানান, রাস্তাঘাট, কৃষিজমি, বীজতলা, মাছের ঘের এবং বসতবাড়ির যে ক্ষতি হয়েছে, তা দ্রুত তালিকাভুক্ত করে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট কাটিয়ে উঠা কঠিন হবে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বাসসকে জানিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন তৎপর রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন